‘কাল্কি’ থেকে ‘জওয়ান’—সবাইকে পিছনে ফেলে ভারতীয় সিনেমার শীর্ষে ‘ধুরন্ধর’, কত ব্যবসা জানেন?

ভারতীয় বক্স অফিসের দীর্ঘদিনের সিংহাসন টলিয়ে দিল আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং অভিনীত মেগা হিট ছবি ‘ধুরন্ধর’। এস. এস. রাজামৌলির বিশ্বজয়ী ব্লকবাস্টার ‘RRR’-এর রেকর্ড ভেঙে দিয়ে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ আয়কারী ছবির মর্যাদা ছিনিয়ে নিয়েছে এই সিনেমা।

বুধবার রণবীর সিং অভিনীত এই ছবিটি বক্স অফিসে ৭৮৩ কোটির গণ্ডি অতিক্রম করে। দিনের শেষে ‘ধুরন্ধর’-এর দেশীয় আয় ৭৮৬ কোটি (নেট) এবং ৯৪৩ কোটি (গ্রস) ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এর ফলে ‘RRR’-এর ৭৮২ কোটির দীর্ঘকালীন রেকর্ড এখন অতীত। বর্তমানে এই ছবির উপরে রয়েছে কেবল তিনটি নাম— ‘পুষ্পা ২’ (১২৩৪ কোটি), ‘বাহুবলী ২’ (১০৩০ কোটি) এবং ‘কেজিএফ চ্যাপ্টার ২’ (৮৬০ কোটি)।

প্রযোজনা সংস্থা জিও স্টুডিওস জানিয়েছে, ছবিটি ইতিমধ্যেই ৪৫০ কোটির গণ্ডি অনায়াসেই পার করেছে এবং খুব দ্রুত ৮০০ কোটির ক্লাবে প্রবেশ করতে চলেছে। এই জয়যাত্রায় ‘ধুরন্ধর’ পিছনে ফেলে দিয়েছে ‘কাল্কি ২৮৯৮ এডি’, ‘জওয়ান’, ‘স্ত্রী ২’ এবং ২০২৫ সালের সাম্প্রতিক হিট ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’ ও ‘ছাবা’-কে।

ভারতের সর্বকালের শীর্ষ ১০টি ছবির তালিকায় হিন্দি ও দক্ষিণী ছবির সমীকরণ লক্ষ্য করার মতো। যেখানে হিন্দি ও তেলুগু থেকে চারটি করে এবং কন্নড় থেকে দুটি ছবি রয়েছে। তবে তামিল ছবির ক্ষেত্রে রজনীকান্তের ‘২.০’ ১৫তম স্থানে থাকলেও, বাংলা ছবির করুণ দশা নিয়ে প্রশ্ন উঠছে সিনেমা মহলে। যেখানে একটি ছবি ভারতে ১০০০ কোটির স্বপ্ন দেখছে, সেখানে বাংলা ছবি কেন ২৫ কোটির গণ্ডি ছুঁতে হিমশিম খাচ্ছে, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে দক্ষিণী ছবির দাপটের মাঝে আদিত্য ধর যেভাবে হিন্দি সিনেমার আধিপত্য ফিরিয়ে আনলেন, তা এক কথায় অনবদ্য।