মার্কিন ভিসা পেতে ১৮ লাখ টাকার ‘বন্ড’! ট্রাম্পের নতুন তালিকায় বাংলাদেশসহ ২৫ দেশ

আমেরিকা প্রবেশের স্বপ্ন পূরণে এবার বড় অন্তরায় হয়ে দাঁড়াল বিপুল অঙ্কের অর্থ। ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশসহ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের মার্কিন ভিসার আবেদনের ক্ষেত্রে এখন ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত জমা দিতে হবে। মঙ্গলবার মার্কিন বিদেশ দফতরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।

ভারতীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় সাড়ে ১২ লক্ষ টাকার কাছাকাছি হলেও, বাংলাদেশি মুদ্রায় তা ১৮ লক্ষ ৩৫ হাজার টাকা ছাড়িয়ে যাচ্ছে। গত বছর অগাস্টে মাত্র ছয়টি দেশের ওপর এই শর্তারোপ করা হলেও, বর্তমানে সেই তালিকা তিন গুণ বেড়ে দাঁড়িয়েছে ৩৮-এ। নতুন করে যুক্ত হওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের পাশাপাশি রয়েছে নেপাল, কিউবা, নাইজেরিয়া এবং উগান্ডার মতো রাষ্ট্র। ২১ জানুয়ারি থেকেই এই নিয়ম কার্যকর হতে চলেছে।

মার্কিন কর্মকর্তাদের দাবি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যাতে কেউ অবৈধভাবে সেদেশে থেকে না যান, তা নিশ্চিত করতেই এই মোটা অঙ্কের জামানত। তবে এই টাকা জমা দিলেই যে ভিসা পাওয়া যাবে, এমন কোনও নিশ্চয়তা নেই। যদি ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয় কিংবা ভ্রমণকারী ভিসার সমস্ত শর্ত মেনে নির্দিষ্ট সময়ে ফিরে আসেন, তবেই ওই অর্থ ফেরত দেওয়া হবে। এর পাশাপাশি, এখন থেকে সব আবেদনকারীকে সশরীরে সাক্ষাৎকারে অংশ নিতে হবে এবং তাঁদের গত কয়েক বছরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ইতিহাস ও পরিবারের বিস্তারিত তথ্য প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। এই নতুন নিয়মের ফলে সাধারণ নাগরিকদের জন্য মার্কিন ভিসা পাওয়া এখন যেমন কঠিন, তেমনই ব্যয়বহুল হয়ে পড়ল।