প্রবাহের সঙ্গে আইনত বিয়েই হয়নি দেবলীনার? দেবলীনার ভাইরাল ছবি নিয়ে এবার বিস্ফোরক দিদি

সোশ্যাল মিডিয়ায় সুখী দাম্পত্যের ছবি পোস্ট করা সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দীর জীবন যে পর্দার আড়ালে এতটাই বিষাদময়, তা কদিন আগেও অনুরাগী মহলের কল্পনার অতীত ছিল। স্বামীর সঙ্গে অশান্তি এবং আত্মহত্যার চেষ্টার গুঞ্জনে যখন নেটপাড়া উত্তাল, ঠিক তখনই ভাইরাল হওয়া একটি ‘রেজিস্ট্রি’র ছবি নিয়ে ধোঁয়াশা কাটালেন দেবলীনার দিদি।
সম্প্রতি একটি লাইভ সেশনে দেবলীনার দিদি দাবি করেন, সোশ্যাল মিডিয়ায় যে ছবিতে প্রবাহকে সই করতে এবং দেবলীনাকে হাসিমুখে বসে থাকতে দেখা যাচ্ছে, সেটি আদতে কোনও ম্যারেজ সার্টিফিকেট নয়। তিনি জানান, ওই দিন রেজিস্ট্রির কথা থাকলেও প্রবাহর পরিবারের তরফে অজুহাত দেওয়া হয় যে, প্রবাহর আঙুলের ছাপ (Fingerprint) পাওয়া যাচ্ছে না। ওই কাগজটি ছিল স্রেফ একটি আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন। অভিযোগ, প্রবাহর বাবা নাকি আগেই জানতেন এমন অশান্তি হতে পারে, তাই পরিকল্পনা করেই আইনত বিয়ের পথে হাঁটেননি তাঁরা।
পরিবারের তরফে আরও জানানো হয়, গত অগাস্ট মাসেই একবার দেবলীনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর শারীরিক অবস্থার চেয়েও নেটিজেনদের কুৎসা তাঁকে বেশি মানসিক যন্ত্রণা দিচ্ছে। দেবলীনার দিদি স্পষ্ট জানিয়েছেন, যদি কারও কাছে প্রবাহ ও দেবলীনার ম্যারেজ সার্টিফিকেট থাকে, তবে তাঁরা যেন তা প্রকাশ্যে আনেন। আপাতত আইনি জটিলতা আর মানসিক ট্রমার মাঝে দাঁড়িয়ে বিচার চাইছে জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর পরিবার।