“হই-হট্টগোল একদম পছন্দ করি না”, ভারত সফর ও বিশৃঙ্খলা নিয়ে অকপট মেসি; মুখ খুললেন লুজু টিভিতে

ভারত সফরের রেশ কাটতে না কাটতেই এক চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিলেন বিশ্ব ফুটবলের জাদুকর লিওনেল মেসি। চার দিনের ভারত সফরের ঠিক এক মাস পর, আর্জেন্টিনার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘লুজু টিভি’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের মনের কথা খুলে বললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। বিশেষ করে যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মেসির এই মন্তব্য এখন বিশ্বজুড়ে ভাইরাল।

আর্জেন্টাইন কিংবদন্তি পরিষ্কার জানিয়েছেন যে, তিনি ব্যক্তিগত জীবনে খুব একটা হই-হট্টগোল বা বিশৃঙ্খলা পছন্দ করেন না। ‘এলএম১০’ বলেন, “আমি প্রতিটি দিন খুব সূক্ষ্ম পরিকল্পনা করে এগোতে ভালোবাসি। আমি চাই সবকিছু যেন আমার ছক মেনেই চলে। কিন্তু যখন সেই পরিকল্পনায় ব্যাঘাত ঘটে বা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন আমি ভীষণভাবে বিচলিত ও প্রভাবিত হয়ে পড়ি।”

উল্লেখ্য, মেসির কলকাতা সফরের প্রথম ধাপেই যুবভারতীতে তাঁকে এক নজর দেখার জন্য যে উন্মাদনা তৈরি হয়েছিল, তা এক পর্যায়ে বিশৃঙ্খলায় রূপ নেয়। নিরাপত্তাবেষ্টনী ভেঙে ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছিল প্রশাসনকে। সেই সময়ে মেসির চোখেমুখে বিরক্তির ছাপ লক্ষ্য করেছিলেন অনেকে। এক মাস পর তাঁর এই সাক্ষাৎকার বুঝিয়ে দিল যে, কলকাতার সেই অনিয়ন্ত্রিত ভিড় ও বিশৃঙ্খলা বিশ্বজয়ী এই ফুটবলারকে মানসিকভাবে কতটা অস্বস্তিতে ফেলেছিল। ডিসিপ্লিনড জীবনযাত্রায় অভ্যস্ত মেসির এই অকপট স্বীকারোক্তি ফুটবল ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।