শীতেও ফুটছে মালদা! শুভেন্দুকে ‘গাধার পিঠে’ চড়ানোর হুমকি রহিমের, পাল্টা ‘বিস্ফোরক’ বিজেপি!

কনকনে ঠান্ডাতেও মালদার চাঁচলে বইছে রাজনীতির তপ্ত হাওয়া। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে এবার বেনজির এবং কুরুচিকর আক্রমণের পথে হাঁটল জেলা তৃণমূল নেতৃত্ব। চাঁচলের কলমবাগানের সভা থেকে শুভেন্দুকে ‘গাধার পিঠে চড়িয়ে ন্যাড়া করে ঘোরানোর’ প্রকাশ্য হুঁশিয়ারি দিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি

কী বললেন তৃণমূল নেতা?

শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মালদা সফরের পালটা সভা করছিল তৃণমূল। সেখানেই মেজাজ হারিয়ে রহিম বক্সি বলেন, “আপনি এত মিথ্যাচার করছেন যে আমি অনলাইনে গুজরাট থেকে একটা গাধা অর্ডার করেছি। ভোটের পর আপনাকে সেই গাধার পিঠে চাপিয়ে, মাথা ন্যাড়া করে, মুখে চুনকালি মাখিয়ে পুরো এলাকায় ঘোরাব।” এখানেই শেষ নয়, তিনি আরও দাবি করেন যে তৃণমূল চাইলে সেদিন শুভেন্দুর প্যান্ডেলই থাকত না।

আক্রমণ ও পাল্টা আক্রমণের পটভূমি

গত শুক্রবার এই একই ময়দান থেকে শুভেন্দু অধিকারী তৃণমূলের জেলা সভাপতিকে ‘চাকরি চোর’ এবং প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ‘চরিত্রহীন’ বলে আক্রমণ করেছিলেন। ৪৮ ঘণ্টার মধ্যে তারই পালটা দিতে গিয়ে কার্যত সব সীমা ছাড়িয়ে গেলেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের মঞ্চ থেকে এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও নাম না করে কটাক্ষ করা হয়।

বিজেপির ‘তপ্ত’ প্রতিক্রিয়া

রহিম বক্সির এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ফুঁসে উঠেছে গেরুয়া শিবির। বিজেপির দাবি, রহিম বক্সি যার (মমতা বন্দ্যোপাধ্যায়) ছবি নিয়ে ভোট চান, তাঁকে নন্দীগ্রামে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপির পালটা কটাক্ষ, “মালদার মানুষ আসলে রহিম বক্সিকেই গাধার পিঠে চাপিয়ে এলাকা ছাড়া করবে।”

ভোটের আগে মালদায় দুই শিবিরের এই ‘বেলাগাম’ বাকযুদ্ধ দেখে সাধারণ মানুষের প্রশ্ন— রাজনীতির মানদণ্ড কি তবে আরও নিচে নামতে শুরু করেছে?