IPL-সম্প্রচার করতে চায় না বাংলাদেশ সরকার, জেনেনিন কী কী পদক্ষেপ করছে বিসিবি

ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার রেশ এবার গড়িয়েছে কূটনৈতিক ও আইনি লড়াইয়ে। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনীহা প্রকাশের পর, এবার বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর সম্প্রচার পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার।

সম্প্রচার রুখতে আইনি তৎপরতা: বাংলাদেশে ২০২৭ সাল পর্যন্ত আইপিএল সম্প্রচারের স্বত্ব রয়েছে ‘টি-স্পোর্টস’-এর হাতে। ভায়াকম ১৮-এর সঙ্গে হওয়া এই চুক্তি বাতিল করার জন্য এখন আইনি পথ খুঁজছে ঢাকা। সূত্রের খবর, ঢাকার সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামে এই নিয়ে সরকারের উচ্চপদস্থ কর্তারা বৈঠকে বসেন। কীভাবে আইনি প্রক্রিয়ায় এই মেগা ইভেন্টের সম্প্রচার রোখা যায়, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে।

সরকারের কড়া অবস্থান: বাংলাদেশের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, “আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সরকার শক্ত অবস্থান নেবে এবং খুব শীঘ্রই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।” যদিও তিনি দাবি করেছেন, এই ঘটনার ফলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না, তবে মুস্তাফিজুরকে বাদ দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি।

বিশ্বকাপ নিয়ে ধোঁয়াশা: মুস্তাফিজুর ইস্যুতে আগেই বিসিবি আইসিসি-কে ইমেল পাঠিয়ে আবেদন করেছিল যেন ভারতের বদলে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হয়। তবে বিসিসিআই সাফ জানিয়ে দিয়েছে, ভেন্যু পরিবর্তন সম্ভব নয় এবং বাংলাদেশি ক্রিকেটারদের পূর্ণ নিরাপত্তা দেবে ভারত। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বাংলাদেশ সত্যিই ভারতে দল পাঠাবে কি না, কিংবা বাংলাদেশে আইপিএল দেখা বন্ধ হবে কি না— তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ক্রিকেটীয় ইগো নাকি রাজনৈতিক টানাপোড়েন? ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে সারা বিশ্ব।