কলকাতার গেস্ট হাউসে প্রেমিকার কাঁধে চপার দিয়ে কোপ! রক্তারক্তি কাণ্ডে শোরগোল বিবি গাঙ্গুলী স্ট্রিটে!

কলকাতার প্রাণকেন্দ্র বিবি গাঙ্গুলী স্ট্রিটে এক হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকল শহরবাসী। রবিবার বিকেলে একটি গেস্ট হাউসের বন্ধ ঘরে প্রেমিকার কাঁধে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক ভিনরাজ্যের যুবকের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে মুচিপাড়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুচিপাড়া থানা এলাকার ১৫৯ নম্বর বিবি গাঙ্গুলী স্ট্রিটের ‘পিপি’স নেস্ট’ নামক গেস্ট হাউসের ৪১২ নম্বর ঘরে উঠেছিলেন এক যুগল। অভিযোগ, ২৮ ডিসেম্বর বিকেল সোয়া চারটে নাগাদ হঠাতই প্রেমিকার ওপর চড়াও হন প্রণব কুমার সেলভারাজ (৪০) নামে ওই ব্যক্তি। বচসা চলাকালীন আচমকাই ধারালো অস্ত্র বের করে মহিলার কাঁধে কোপ বসান তিনি। মহিলার আর্তচিৎকারে গেস্ট হাউসের কর্মীরা সেখানে ছুটে যান এবং পুলিশে খবর দেন।

মুচিপাড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে উদ্ধার করে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ (NRS) হাসপাতালে নিয়ে যায়। জানা গিয়েছে, ৩৮ বছর বয়সী ওই মহিলা উত্তর ২৪ পরগনার বাসিন্দা। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত প্রণব কুমার সেলভারাজ চেন্নাইয়ের জেভি নগরের বাসিন্দা। তিনি ওই গেস্ট হাউসেই বর্ডার হিসেবে থাকছিলেন। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ মনে করছে, প্রেমঘটিত বিবাদের জেরেই এই প্রাণঘাতী হামলা। ধৃতকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও রেজিস্টার খতিয়ে দেখে ঘটনার নেপথ্যে অন্য কোনো গভীর ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।