শীতের জঙ্গলমহলে আইপিএল-এর আমেজ! লক্ষাধিক টাকার টুর্নামেন্টে চিয়ার লিডারদের জলবা, থিকথিকে ভিড় বেলদায়!

শীতের আমেজ গায়ে মেখেই জঙ্গলমহলে শুরু হল ক্রিকেটের মহাযুদ্ধ। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বাখরাবাদ এলাকায় শুরু হয়েছে ‘ক্রিসমাস কাপ’ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। কয়েক বছর ধরে আয়োজিত এই টুর্নামেন্ট এখন জেলার অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। টেনিস ক্রিকেটের এই লড়াইয়ে কেবল স্থানীয় প্রতিভা নয়, ভিন রাজ্যের দক্ষ খেলোয়াড়রাও মাঠে নেমেছেন। টুর্নামেন্ট চলবে টানা সাতদিন ধরে, যেখানে বিজয়ীদের জন্য রয়েছে লক্ষাধিক টাকার পুরস্কার।
উদ্যোক্তারা জানিয়েছেন, বর্তমান ডিজিটাল যুগে ছোট ছেলেমেয়েরা মাঠের বদলে মোবাইল স্ক্রিনেই বেশি সময় কাটাচ্ছে। যুব প্রজন্মকে আবার মাঠমুখী করতেই এই বিশাল আয়োজন। আইপিএল-এর ধাঁচে এখানেও রয়েছে গ্যালারি ভর্তি দর্শক আর দর্শকদের বাড়তি আনন্দ দিতে উপস্থিত থাকছেন চিয়ার লিডাররা। সাতদিনের এই টুর্নামেন্টে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
আধুনিক সময়ে ক্রিকেটে টেনিস বলের প্রতিযোগিতাও যে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দিতে পারে, এই টুর্নামেন্ট তারই এক বড় উদাহরণ। জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকাকে কেন্দ্র করে শুরু হওয়া এই ‘ক্রিসমাস কাপ’ বর্তমানে খেলাধুলার প্রসারে এক বিশেষ মাত্রা যোগ করেছে।