‘সবটাই ভুল বোঝাবুঝি’! ১৫ গ্রামের মহিলাদের ফোন ব্যবহারে জারি করা ফতোয়া তুলে নিল পঞ্চায়েত

রাজস্থানের জালোরে মহিলাদের স্মার্টফোন ব্যবহারের ওপর জারি করা বিতর্কিত নিষেধাজ্ঞা শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিলেন গ্রামের মাতব্বররা। গত ২১ ডিসেম্বর ১৫টি গ্রামের চৌধুরী সম্প্রদায়ের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, আগামী ২৬ জানুয়ারি থেকে কোনো মেয়ে বা গৃহবধূ স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না। কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু হওয়ায় বৃহস্পতিবার গাজীপুর গ্রামে পুনরায় এক বৈঠকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত? পঞ্চায়েতের সদস্যদের দাবি, মূলত শিশুদের মঙ্গলের কথা ভেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। তাঁদের দাবি ছিল, স্কুল থেকে ফিরে শিশুরা দীর্ঘক্ষণ ফোনে ভিডিও দেখে, যা তাদের পড়াশোনা এবং চোখের ক্ষতি করছে। এছাড়া সাইবার অপরাধ এবং নারীদের শোষণের হাত থেকে রক্ষা করার যুক্তিতেও স্মার্টফোনের বদলে কি-প্যাড ফোন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছিল। ২১ ডিসেম্বরের ফতোয়ায় বলা হয়েছিল, ছাত্রীরা পড়াশোনার জন্য বাড়িতে ফোন ব্যবহার করলেও বিয়ে বাড়ি বা সামাজিক অনুষ্ঠানে ফোন নিয়ে যেতে পারবে না।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের কারণ: পঞ্চায়েত সদস্য নাথারাম চৌধুরী জানান, এই সিদ্ধান্তটি বাধ্যতামূলক ছিল না, বরং এটি ছিল একটি পর্যবেক্ষণমূলক প্রস্তাব। কিন্তু বিভিন্ন মহলে এই সিদ্ধান্তের বিরোধিতা শুরু হওয়ায় এবং সাধারণ মানুষের মধ্যে ‘ভুল বোঝাবুঝি’ তৈরি হওয়ায় তা প্রত্যাহার করে নেওয়া হলো। মাতব্বররা এখন বলছেন, তাঁরা কেবল সচেতনতা বাড়াতে চেয়েছিলেন, কাউকে বাধ্য করা তাঁদের উদ্দেশ্য ছিল না।