মাওবাদীদের ‘শোক’ সংবাদ! ওড়িশায় খতম ১.১ কোটির মাথার দামি নেতা গণেশ উইকে

ভারতের মাওবাদী দমন অভিযানে এক ঐতিহাসিক সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। ওড়িশার কান্ধামাল জেলায় এক মেগা এনকাউন্টারে খতম হয়েছে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা ওড়িশা সংগঠনের প্রধান গণেশ উইকে। যার মাথার দাম ছিল ১.১ কোটি টাকা। এই অভিযানে উইকে-সহ মোট ৬ জন মাওবাদী প্রাণ হারিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে কান্ধামালের চাকাপাদ থানা এলাকার রম্ভা জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে তীব্র লড়াই শুরু হয় মাওবাদীদের। এসওজি, সিআরপিএফ এবং বিএসএফ-এর ২৩টি দলের এক যৌথ অভিযানে ৬৯ বছর বয়সী দুর্ধর্ষ মাওবাদী নেতা গণেশ উইকে-সহ ৪ জন নিহত হয়। এদের মধ্যে দুজন মহিলা মাওবাদীও রয়েছে। এর আগে বুধবার রাতেই বেলঘর থানা এলাকায় অন্য এক অভিযানে ছত্তিশগড়ের দুই মাওবাদীকে খতম করেছিল বাহিনী। উদ্ধার হয়েছে অত্যাধুনিক ইনসাস রাইফেল এবং বিপুল সমরাস্ত্র।
এই সাফল্যের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দিয়েছেন। তিনি সাফ জানান, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে ভারত থেকে মাওবাদীদের সম্পূর্ণ নির্মূল করা হবে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিও এই সাফল্যকে ‘মাওবাদী-মুক্ত ভারত’ গড়ার পথে বড় পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। ওড়িশা পুলিশের ডিজিপি ওয়াইবি খুরানিয়া সাংবাদিক বৈঠকে বলেন, “এই অভিযানে মাওবাদীদের মেরুদণ্ড ভেঙে গিয়েছে।” তেলঙ্গানার বাসিন্দা গণেশ উইকের মৃত্যু মাওবাদী আন্দোলনে এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।