“একজনকে মারলে পাঁচজনকে মারব!” অর্জুন বনাম সোমনাথের লড়াইয়ে রণক্ষেত্র ব্যারাকপুর শিল্পাঞ্চল

শীতের পারদ যত নামছে, ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতির পারদ ঠিক ততটাই চড়ছে। এবার সরাসরি ‘মারপিট’ এবং ‘ধরে পেটানো’র হুঁশিয়ারিতে উত্তপ্ত হয়ে উঠল গঙ্গার দুই পাড়। একদিকে বিজেপি নেতা অর্জুন সিংয়ের আক্রমণাত্মক মেজাজ, অন্যদিকে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের পাল্টা চ্যালেঞ্জ—সব মিলিয়ে ভোটের আগেই ব্যারাকপুরে যুদ্ধের দামামা বেজে গেল।
ঘটনার সূত্রপাত বুধবার রাতে নৈহাটির গরুরফাঁড়ি মোড়ে বিজেপির একটি সভা থেকে। সেখানে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের গড় দাঁড়িয়ে অর্জুন সিং সরাসরি হুঙ্কার দেন, “জয় বাংলা ধ্বনি আসলে জেহাদিদের স্লোগান! বাংলায় এই স্লোগান দিলে ধরে পেটাব। পার্থ ভৌমিক, তোমার বাড়ির সামনে গিয়েও বলে আসব। দেখি তোমার কত দম!” অর্জুনের দাবি, বাংলাদেশে দীপু দাসকে এই ‘জয় বাংলা’ স্লোগান দিয়েই পুড়িয়ে মারা হয়েছে, সেই একই সংস্কৃতি বাংলায় আমদানি করতে চাইছে শাসকদল। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন, কোনো সনাতনীর বাড়ি আক্রান্ত হলে তিনি হাত গুটিয়ে বসে থাকবেন না।
অর্জুনের এই বিস্ফোরক মন্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পাল্টা গর্জে ওঠেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি সাফ জানান, “মুখে বড় বড় কথা না বলে ক্ষমতা থাকলে একজনকে মেরে দেখাক। ও আমাদের একজনকে মারলে, আমরা পাল্টা ওর পাঁচজনকে মেরে বোঝাব কত ধানে কত চাল! মারের বদলা মার হবে।”
ব্যারাকপুরের এই ‘হুঙ্কার বনাম পাল্টা হুঙ্কার’ রাজনীতি এখন টক অফ দ্য টাউন। ইতিপূর্বেও অর্জুন সিংয়ের বাড়ির সামনে তৃণমূলের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং পাল্টা বিজেপির ‘চোর’ স্লোগান ঘিরে ভাটপাড়া উত্তপ্ত হয়েছিল। এবার সেই রেশ আরও কয়েক ধাপ এগিয়ে সরাসরি শারীরিক নিগ্রহের হুমকিতে পর্যবসিত হলো। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই বাকযুদ্ধ কেবল কথার লড়াই নয়, বরং আসন্ন দিনগুলোতে শিল্পাঞ্চলে বড়সড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।