‘থ্রি ইডিয়টস’ পার্ট ২, ফের কি একসঙ্গে দেখা যাবে আমির-আর মাধবন-শরমনকে? তুঙ্গে জল্পনা

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ আজও আপামর সিনেমাপ্রেমীদের কাছে এক আবেগের নাম। র্যাঞ্চো, রাজু আর ফারহানের সেই বন্ধুত্বের রসায়ন ১৬ বছর পার করেও সমান জনপ্রিয়। তবে সম্প্রতি বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এক বড় খবর—তৈরি হতে চলেছে এই ব্লকবাস্টার ছবির সিক্যুয়েল! শুধু তাই নয়, শোনা যাচ্ছে আগের কাস্টিং নিয়েই নাকি এগোবেন পরিচালক।
কী বললেন শরমন জোশী? ছবির ১৬ বছর পূর্তিতে সিক্যুয়েল নিয়ে প্রশ্ন করা হয়েছিল অভিনেতা শরমন জোশীকে। রাজু রাস্তোগি চরিত্রটি ফুটিয়ে তোলা এই অভিনেতা বলেন, “আশা করি এরকম কিছু নিশ্চয়ই তৈরি হবে। তবে সত্যি বলতে, এখনও পর্যন্ত আমি এই বিষয়ে নিশ্চিত কিছু জানি না। একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় সিক্যুয়েল নিয়ে কিছু আলোচনা হয়েছিল ঠিকই, কিন্তু চূড়ান্ত খবর এখনও আসেনি। দেখা যাক ভবিষ্যতে কী হয়।”
পরিচালক ও চিত্রনাট্যকারের ওপর ভরসা শরমন আরও যোগ করেন যে, যদি তিন বন্ধুর গল্প নিয়ে আবার নতুন কিছু তৈরি হয়, তবে তার পুরো কৃতিত্ব দিতে হবে পরিচালক রাজকুমার হিরানি এবং চিত্রনাট্যকারকে। কারণ এই ছবির কালজয়ী গল্পের বুনন তাঁদেরই হাতে। সিক্যুয়েল হলে গল্পের প্রেক্ষাপট কী হবে, তা নিয়ে অভিনেতা নিজেও বেশ কৌতূহলী।
পুরানো স্মৃতির রোমন্থন শুটিংয়ের দিনগুলোর কথা মনে করে শরমন বলেন, “আমি তখন নিয়মিত জিম করতাম। পরিচালক আমাকে ফোন করে বললেন, আগামী তিন বছর জিম ভুলে যাও। কারণ রাজু রাস্তোগি চরিত্রটির জন্য একটু রোগা ও সাধারণ চেহারার প্রয়োজন ছিল।” ছবির সেই বিখ্যাত আত্মহত্যার দৃশ্যের কথা মনে করে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। শরমন জানান, সেই দৃশ্যটি দেখে তাঁর ৪ বছরের মেয়েও অঝোরে কেঁদেছিল, যাকে পরে কোলে নিয়ে শান্ত করতে হয়।
এখন দেখার, রাজকুমার হিরানি কি সত্যিই দর্শকদের আবার ‘অল ইজ ওয়েল’ বলার সুযোগ করে দেন কি না।