ইন্ডিয়া গেটে তুলকালাম! কুলদীপ সেঙ্গারের জামিনের প্রতিবাদে চলন্ত বাস থেকে ঝাঁপ উন্নাও নির্যাতিতার মায়ের

২০১৭ সালের উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিজেপি নেতা কুলদীপ সিংহ সেঙ্গারের সাজা স্থগিত ও জামিন মঞ্জুর হতেই মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল দেশের রাজধানী। দিল্লি হাইকোর্টের রায়ের প্রতিবাদে এদিন ইন্ডিয়া গেটে বিক্ষোভে বসেছিলেন নির্যাতিতা, তাঁর মা এবং সমাজকর্মী যোগিতা ভায়ানা। কিন্তু পুলিশ ও আধাসামরিক বাহিনী তাঁদের সরিয়ে দিলে শুরু হয় চরম নাটকীয়তা। অভিযোগ, পুলিশি হেনস্থা এড়াতে চলন্ত বাস থেকে ঝাঁপ দেন নির্যাতিতার বৃদ্ধা মা।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, প্রতিবাদস্থল থেকে তাঁদের যে সিআরপিএফ (CRPF) বাসে তোলা হয়েছিল, সেখানে কোনও মহিলা কর্মী ছিলেন না। মান্ডি হাউসে সাংবাদিক সম্মেলন করতে চাইলেও বাসটি সেখানে থামেনি। হেনস্থা সইতে না পেরে বৃদ্ধা মা বাস থেকে ঝাঁপ দিলে নিরাপত্তারক্ষীরা তাঁকে ধাক্কা মারেন এবং কনুই দিয়ে গুঁতোন বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এরপর নির্যাতিতাকে বাসের ভিতরে একপ্রকার ‘বন্দি’ করেই নিয়ে চলে যায় বাহিনী। রাস্তায় পড়ে কান্নায় ভেঙে পড়া বৃদ্ধার আর্তনাদ—“কুলদীপ সেঙ্গারের জামিন বাতিল না হলে আমরা জীবন দিয়ে দেব।”
উল্লেখ্য, নিম্ন আদালতের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশের বিরুদ্ধে সেঙ্গার হাইকোর্টে আবেদন করেছিলেন। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট ১৫ লক্ষ টাকার বন্ডে তাঁর সাজা স্থগিত করে জামিন মঞ্জুর করেছে। যদিও আদালতের শর্ত অনুযায়ী, নির্যাতিতার বাড়ির ৫ কিলোমিটারের মধ্যে প্রবেশ করতে পারবেন না সেঙ্গার। কিন্তু এই রায়ে নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা পরিবার। সমাজকর্মী যোগিতা ভায়ানার প্রশ্ন, “ভুক্তভোগীর মাকে রাস্তায় ফেলে দেওয়া হল, এটা কি বিচার?” এই ঘটনায় ফের একবার নারী সুরক্ষা ও বিচারপ্রক্রিয়া নিয়ে কাঠগড়ায় দিল্লি পুলিশ।