হাউড়া ব্রিজে ধুন্ধুমার, সীমান্তেও উত্তাল প্রতিবাদ! দীপু দাস খুনে জ্বলছে বাংলা, চরম হুঁশিয়ারি তসলিমার

বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ড এবং সনাতনীদের ওপর লাগাতার অত্যাচারের প্রতিবাদে বুধবারও অগ্নিগর্ভ হয়ে উঠল পশ্চিমবঙ্গ। এদিন হাওড়া সদর বিজেপির প্রতিবাদী মিছিলকে কেন্দ্র করে হাওড়া ব্রিজে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। গোলমোহর থেকে মিছিলটি ব্রিজের দিকে এগোতেই পুলিশ বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। এর জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে হাওড়া ব্রিজের যান চলাচল।
প্রতিবাদের আঁচ ছড়িয়েছে সীমান্তেও। উত্তর ২৪ পরগনার পেট্রাপোল ও ঘোজাডাঙা সীমান্তে বিক্ষোভ দেখায় ‘সনাতনী ঐক্য পরিষদ’। মালদার মুচিয়া সীমান্তেও খোল-করতাল নিয়ে সরব হন প্রতিবাদীরা। ওপার বাংলায় হিন্দুদের বাড়িঘর ভাঙচুর ও খুনের বিচার চেয়ে এদিন রাজ্যজুড়ে স্লোগান ওঠে।
অন্যদিকে, চট্টগ্রামের রাউজানে হিন্দুদের বাড়িতে আগুন দেওয়ার একটি হাড়হিম করা ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করেছেন প্রখ্যাত সাহিত্যিক তসলিমা নাসরিন। তিনি অভিযোগ করেন, বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়েছে। তসলিমার সরাসরি প্রশ্ন মহম্মদ ইউনূসের সরকারের কাছে— “উনি কি হিন্দুদের ক্ষতিপূরণ দেবেন? নাকি এই বর্বরতাক দেখেও না দেখার ভান করবেন?” তসলিমার এই পোস্ট এবং এপার বাংলার ক্রমবর্ধমান আন্দোলন বর্তমানে দুই দেশের কূটনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে নতুন করে ঘি ঢেলেছে।