দীপু দাস খুনে মোদী সরকারের চরম হুঁশিয়ারি! উত্তপ্ত আবহেও কি ভারত থেকে চাল কিনছে ইউনূস প্রশাসন?

বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ডে এবার কঠোর অবস্থান নিল ভারত। বুধবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। দিল্লি সাফ জানিয়েছে, ওপার বাংলার বর্তমান পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং ভারতীয় আধিকারিকরা নিয়মিত যোগাযোগ রাখছেন। হাসিনা পরবর্তী সময়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক যখন ১৯৭১ সালের পর সবথেকে তলানিতে পৌঁছেছে, ঠিক তখনই দিল্লির সঙ্গে দূরত্ব কমাতে সক্রিয় হয়েছে ইউনূস সরকার।

মঙ্গলবার বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস নিজেই ভারতের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন। উত্তাল পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশ ভারত থেকে ৫০,০০০ টন চাল কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। স্রেফ লাভ-ক্ষতির হিসেব কষেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন আহমেদ। তাঁর দাবি, ভিয়েতনামের বদলে ভারত থেকে চাল আনলে প্রতি কেজিতে ১০ টাকা সাশ্রয় হবে বাংলাদেশের।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশে ভারত-বিরোধী স্লোগান এবং উগ্রপন্থী শক্তির আস্ফালনের জেরে দুই দেশের রাষ্ট্রদূতকে তলব করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সালেহউদ্দিন আহমেদের দাবি, পরিস্থিতি এখনও হাতের বাইরে যায়নি। তৃতীয় কোনো শক্তি যাতে দুই দেশের তিক্ততা বাড়িয়ে ফায়দা তুলতে না পারে, সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।