সীমান্তে রক্তক্ষয়ী যুদ্ধ! ৪০ পাক সেনাকে খতম ও ১৪টি চৌকি ধ্বংসের দাবি তালিবানের

পাক-আফগান সীমান্তে পরিস্থিতি কার্যত যুদ্ধের আকার ধারণ করেছে। আফগানিস্তানের তালিবান সরকারের ২০১ খালিদ বিন ওয়ালিদ কর্পসের মুখপাত্র ওয়াহিদুল্লাহ মোহাম্মদী এক বিস্ফোরক দাবি করেছেন। তাঁর দাবি, পূর্বাঞ্চলীয় সীমান্তে তালিবান বাহিনীর অভিযানে পাকিস্তানের ১৪টি সামরিক চৌকি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে এবং অন্তত ৪০ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। পাকিস্তানের ‘আগ্রাসী নীতি’র জবাব দিতেই এই প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তালিবান।
এই সংঘর্ষের নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের সীমান্ত বিতর্ক ও টিটিপি (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) জঙ্গি গোষ্ঠীকে কেন্দ্র করে দুই দেশের টানাপোড়েন। তালিবানের দাবি অনুযায়ী, পাকিস্তান বারবার আফগান ভূখণ্ডে উস্কানিমূলক হামলা চালাচ্ছে। যদিও পাকিস্তানের পাল্টা দাবি, তালিবানিরাই প্রথমে অযৌক্তিক গুলিবর্ষণ শুরু করে এবং আফগানিস্তান থেকে টিটিপি জঙ্গিরা পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। গত অক্টোবর মাসেও এমনই এক রক্তক্ষয়ী সংঘর্ষের পর কাতার ও সৌদি আরবের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু ডিসেম্বরের এই সাম্প্রতিক ঘটনা দুই দেশের সম্পর্ককে ফের তলানিতে নিয়ে ঠেকেছে।