পুরুলিয়ায় হোটেল-রেস্তোরাঁয় টাস্ক ফোর্সের হানা! অগ্নিনির্বাপণ ব্যবস্থায় গাফিলতি দেখে চরম হুঁশিয়ারি দমকলের

পুরুলিয়া শহরের হোটেল, রেস্তোরাঁ এবং বহুতল আবাসনগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা কতটা মজবুত, তা খতিয়ে দেখতে বড়সড় অভিযানে নামল জেলা টাস্ক ফোর্স ও দমকল বিভাগ। সোমবার শহরের বিভিন্ন হোটেল ও রুফটপ রেস্তোরাঁয় আচমকা হানা দেয় প্রশাসনিক এই যৌথ বাহিনী।
অভিযান চলাকালীন আধিকারিকরা খতিয়ে দেখেন, আগুন লাগলে তা নেভানোর জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা আছে কি না, আপৎকালীন পরিস্থিতিতে বেরিয়ে যাওয়ার জন্য বিকল্প রাস্তা বা ‘এমার্জেন্সি এক্সিট’ আছে কি না এবং হোটেলের সমস্ত আইনি অনুমোদন সঠিক রয়েছে কি না। দমকল বিভাগ সূত্রে খবর, তল্লাশিতে দেখা গিয়েছে পুরুলিয়া শহরের বেশিরভাগ হোটেলেই অগ্নিনির্বাপণ ব্যবস্থায় গুরুতর খামতি রয়েছে।
এই গাফিলতি নজরে আসতেই কঠোর পদক্ষেপ নিয়েছে টাস্ক ফোর্স। যে সমস্ত হোটেলে ত্রুটি পাওয়া গিয়েছে, তাদের একটি তালিকা তৈরি করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যবস্থা নেওয়ার নোটিস দেওয়া হয়েছে। আধিকারিকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক না করলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, হোটেল মালিকরা প্রশাসনের এই নির্দেশ মেনে নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন।