এবার খোদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কেন্দ্রে ‘ডায়মন্ডহারবার মডেল’! উত্তর দমদমে শুরু হলো ‘সেবাশ্রয়’

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই তৃণমূলের অন্দরে জনপ্রিয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডায়মন্ডহারবার মডেল’। এবার সেই মডেল অনুসরণ করে নিজের নির্বাচনী কেন্দ্র উত্তর দমদমে ‘সেবাশ্রয়’ কর্মসূচির সূচনা করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার উত্তর দমদমের মণি সংঘ প্রাঙ্গণে সাংসদ সৌগত রায়ের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।
এই কর্মসূচির অধীনে উত্তর দমদম এবং নব বারাকপুর—উভয় পুরসভা এলাকার মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। শুধু ডাক্তার দেখানোই নয়, চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় প্যাথলজিক্যাল টেস্ট (যেমন ECG, EMG, সুগার পরীক্ষা) এবং ওষুধও মিলবে বিনা পয়সায়। ২১ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই স্বাস্থ্য শিবির চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। উত্তর দমদমের মণি সংঘ, বিশরপাড়া থেকে শুরু করে নব বারাকপুরের শক্তি সংঘ, মহাজাতি পরিষদের মতো একাধিক জনবহুল এলাকায় এই ক্যাম্পগুলি করা হবে।
রাজ্যের প্রথম সারির বেসরকারি হাসপাতালগুলি (যেমন JIMSH, চার্নক, এসকেজ সঞ্জীবনী) এই কর্মযজ্ঞে সহযোগিতা করছে। চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্য সরকার বরাবরই স্বাস্থ্যকে অগ্রাধিকার দেয়, আর ‘সেবাশ্রয়’ সেই লক্ষ্যকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে জনমানসে প্রভাব ফেলতেই এই বিশেষ স্বাস্থ্য মডলের ওপর জোর দিচ্ছে তৃণমূল নেতৃত্ব।