‘ধর্ম নিয়ে ছিনিমিনি খেললেই জেল’, তেলেঙ্গানায় কড়া আইন আনছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি!

যেকোনো ধর্মকে অবমাননা করলে এবার কড়া শাস্তির মুখে পড়তে হবে অপরাধীকে। তেলেঙ্গানায় এমনই এক কঠোর আইন আনার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। হায়দ্রাবাদে সরকারি উদ্যোগে আয়োজিত এক বড়দিনের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি জানান, ধর্মীয় বিদ্বেষ মোকাবিলায় বিদ্যমান আইন সংশোধন করতে চলেছে তাঁর সরকার। আসন্ন বিধানসভার বাজেট অধিবেশনেই এই বিলটি পেশ করা হবে।

মুখ্যমন্ত্রী জানান, সংখ্যালঘুদের কল্যাণে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং খ্রিস্টান ও মুসলিমদের কবরস্থান সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যাগুলির দ্রুত সমাধান করা হবে। তবে এই অনুষ্ঠান থেকেই রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছেন রেবন্ত রেড্ডি। তিনি দাবি করেন, ৯ ডিসেম্বর সোনিয়া গান্ধীর জন্মদিন এবং তেলেঙ্গানার মর্যাদা লাভের মাসটিও ডিসেম্বর। তিনি বলেন, “অন্ধ্রপ্রদেশে রাজনৈতিক ক্ষতি স্বীকার করেও সোনিয়া গান্ধী তেলেঙ্গানা গঠন করেছিলেন। আজ যে আমরা রাজ্যে বড়দিন পালন করতে পারছি, তা সোনিয়া গান্ধীরই অবদান।”

এই মন্তব্য ঘিরেই সরব হয়েছে বিজেপি ও বিআরএস। তেলেঙ্গানা বিজেপি এই বক্তব্যের ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করে মুখ্যমন্ত্রীকে ‘চাটুকার’ বলে কটাক্ষ করেছে। গেরুয়া শিবিরের বিদ্রুপ, “চাটুকারিতা সব সীমা ছাড়িয়ে গিয়েছে। এবার হয়তো বলা হবে গান্ধী পরিবারের জন্যই প্রতিদিন সূর্য ওঠে!”