হাড়কাঁপানো শীতে কল্যাণী এক্সপ্রেসওয়েতে হাড়হিম দুর্ঘটনা! ৫ যাত্রীর প্রাণ নিয়ে টানাটানি

উত্তর ২৪ পরগনার রহড়া থানা এলাকায় হাড়কাঁপানো শীতের সকালেই বড়সড় অঘটন। রবিবার দুপুরে কল্যাণী এক্সপ্রেসওয়ের রুইয়া মোড়ে একটি দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাত এতটাই তীব্র ছিল যে গাড়িটি রাস্তাতেই উল্টে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় গাড়িতে থাকা ৫ জন যাত্রীই গুরুতর জখম হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাদা রঙের চারচাকা গাড়িটি ব্যারাকপুরের দিক থেকে প্রচণ্ড গতিতে আসছিল। রুইয়া এলাকায় পৌঁছাতেই হঠাৎ বিপত্তি ঘটে। বিকট শব্দে গাড়িটি রেলিংয়ে ধাক্কা মেরে পাল্টি খায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান এবং রক্তাক্ত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়। এই মুহূর্তে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। রহড়া থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করেছে এবং চালককে আটক করা হয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনা না কি চালক মদ্যপ অবস্থায় ছিলেন— সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।