দিঘায় সমুদ্র আর জগন্নাথ মন্দিরের পর নতুন ম্যাজিক! লেজার পার্কের আলোয় মাতোয়ারা পর্যটকরা।

সমুদ্র সৈকত আর নবনির্মিত জগন্নাথ মন্দিরের পর এবার পর্যটকদের জন্য নতুন চমক নিয়ে হাজির দিঘা। বড়দিন এবং নববর্ষের ছুটির মরশুমে পর্যটকদের বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে দিতে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ (DSDA) চালু করল অত্যাধুনিক ‘লেজার পার্ক’। দিঘার অমরাবতী পার্কের কাছেই কাজল দিঘিতে তৈরি হওয়া এই পার্কটি ইতিমধেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

দিনের বেলা সমুদ্রের ঢেউ উপভোগ এবং মন্দিরে পুজো দেওয়ার পর সন্ধে নামলেই পর্যটকরা ভিড় জমাচ্ছেন এই লেজার পার্কে। মনোরম পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে মিউজিক এবং রঙিন আলোর রোশনাইয়ে লেজার শো মুগ্ধ করছে দর্শকদের। বিশেষ করে ছোটদের মধ্যে এই পার্ক নিয়ে উন্মাদনা তুঙ্গে। পর্যটন পর্ষদ জানিয়েছে, দিঘার পর্যটনকে বিশ্বমানে উন্নীত করতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।

দিঘা লেজার পার্কটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে। তবে মূল আকর্ষণ লেজার শো শুরু হচ্ছে সন্ধে ৬টা থেকে। টিকিটের মূল্য অত্যন্ত সাধারণ রাখা হয়েছে— মাথাপিছু মাত্র ২০ টাকা। রবিবাসরীয় ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় সামলাতে দিঘা প্রশাসন ইতিমধ্যেই আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।