“ওপারের মতুয়ারা আমাদের রক্ত!” ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে বড় বার্তা শমীক ভট্টাচার্যের।

প্রতিকূল আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহেরপুরের সভায় সশরীরে উপস্থিত হতে না পারলেও, মঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বজায় রাখলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিশেষ করে ভোটার তালিকা পরিমার্জন (SIR) প্রক্রিয়া নিয়ে মতুয়া ও নমঃশূদ্র সম্প্রদায়ের মধ্যে তৈরি হওয়া আশঙ্কায় জল ঢাললেন তিনি।

“মতুয়ারা আমাদেরই রক্ত”: বড় আশ্বাস শমীকের ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ভয় কাটাতে শমীক ভট্টাচার্য স্পষ্ট ঘোষণা করেন, “ওপারের মতুয়া-নমঃশূদ্ররা আমাদের ভাই, আমাদের রক্ত। যারা ওপার থেকে এপারে এসেছেন শাখা-সিঁদুরকে অক্ষত রাখতে এবং নিজেদের ধর্ম বাঁচাতে, তাঁদের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে বিজেপি।” তিনি জোর দিয়ে বলেন, কোনো হিন্দু উদ্বাস্তুর নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে দেওয়া হবে না।

নদীয়ার ইতিহাস ও শ্যামাপ্রসাদ প্রসঙ্গ এদিন ভাষণে নদীয়ার ঐতিহাসিক গুরুত্ব মনে করিয়ে দিয়ে শমীক বলেন:

“মনে রাখবেন, এই নদীয়া জেলা একসময় পাকিস্তানে ছিল। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং যদুনাথ সরকাররাই লড়ে এই মাটিকে বাঁচিয়েছেন। উনি সেদিন লড়াই না করলে আজ আপনারা নিজেদের ভারতীয় বলে পরিচয় দিতে পারতেন না।”

রাজ্য সরকারকে তীব্র আক্রমণ তৃণমূল সরকারকে বিঁধে শমীক দাবি করেন, বর্তমান সরকার বাংলার মানুষের ‘জীবন-যৌবন’ লুঠ করেছে। একের পর এক শিল্পপতি রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন এবং কৃষকদের সঙ্গে বেইমানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বাংলাকে খাদের কিনারায় দাঁড় করানোর জন্য সরকারকে কড়া হিসেব দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন শমীক।

বিরোধীদের এক হওয়ার আহ্বান বক্তৃতার শেষে শমীক ভট্টাচার্য সকল বিরোধী রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের কাছে একজোট হওয়ার আবেদন জানান। তাঁর দাবি, বাংলার হারানো গৌরব ফেরাতে এবং উদ্বাস্তুদের অধিকার নিশ্চিত করতে এখন দলাদলি ভুলে এক হওয়া জরুরি।