মাঝরাতে রেললাইনে মৃত্যুর মিছিল! রাজধানীর ধাক্কায় প্রাণ হারাল ৭ গজরাজ, ব্যাহত ট্রেন পরিষেবা।

অসমের নওগাঁ জেলায় এক ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রাণ হারাল ৭টি হাতি। শনিবার রাত আড়াইটে নাগাদ উত্তর-পূর্ব রেলের লামডিং ডিভিশনের যমুনামুখ ও কামপুর সেকশনের মাঝে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭টি হাতির এবং একটি হস্তিশাবক গুরুতর আহত হয়। ধাক্কার অভিঘাতে ট্রেনের ইঞ্জিনসহ ৫টি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে।
রেল সূত্রে খবর, ঘন কুয়াশার কারণে রেললাইনে থাকা হাতির পালটিকে সময়মতো দেখতে পাননি লোকো পাইলট। শেষ মুহূর্তে এমারজেন্সি ব্রেক কষলেও প্রচণ্ড গতিতে থাকা ট্রেনটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। দুর্ঘটনাস্থলটি গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে। ঘটনার খবর পেয়েই এন.এফ. রেলওয়ের জেনারেল ম্যানেজারসহ উচ্চপদস্থ কর্তারা সেখানে পৌঁছান।
এই দুর্ঘটনার জেরে ৯টি ট্রেন বাতিল করা হয়েছে এবং ১৩টি ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কামরার যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করে সকাল ৬টা ১১ মিনিট নাগাদ ট্রেনটিকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা করানো হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকাটি হাতির যাতায়াতের নিয়মিত করিডোর ছিল না, ফলে এমন দুর্ঘটনা অপ্রত্যাশিত। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামতির কাজ চলছে।