থানা পর্যন্ত গড়িয়েছিল বিবাদ! বাঁকুড়ায় শিক্ষক দম্পতির বাড়িতেই উদ্ধার বাবা-মায়ের দেহ।

বাঁকুড়ার ইন্দাস থানার কুশমুড়ি গ্রামে এক বৃদ্ধ দম্পতির রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতরা হলেন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক দীনবন্ধু কুণ্ডু (৮৬) ও তাঁর স্ত্রী লক্ষ্মী কুণ্ডু (৭৬)। শনিবার সকালে বাড়ির বন্ধ ঘর থেকে লক্ষ্মীদেবীর নিথর দেহ মেঝের ওপর পড়ে থাকতে দেখা যায় এবং দীনবন্ধুবাবুর দেহ সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ছেলে অসিত কুণ্ডু ও পুত্রবধূ সুস্মিতা কুণ্ডুর সঙ্গেই থাকতেন ওই দম্পতি। ছেলে ও পুত্রবধূ দুজনেই পেশায় শিক্ষক। অভিযোগ উঠেছে, বৃদ্ধ বাবা-মায়ের সঠিক যত্ন নিতেন না তাঁরা, যা নিয়ে পরিবারে দীর্ঘদিনের অশান্তি ছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, দীনবন্ধুবাবু একবার পুলিশের দ্বারস্থও হয়েছিলেন। পরে থানায় আলোচনার মাধ্যমে বিষয়টি মিটমাট করা হয়।
মৃতের ছেলে অসিত কুণ্ডু অবশ্য দাবি করেছেন, বর্তমানে কোনো সমস্যা ছিল না। তাঁর কথায়, “আগে সামান্য বিবাদ হয়েছিল যা থানায় সমাধান হয়ে যায়। আমি সব দায়িত্ব পালন করতাম।” তবে এই মৃত্যু নিছক আত্মহত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে ধন্দ কাটেনি। পুলিশ দেহ দুটি উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।