স্কুল যাওয়ার পথে মরণফাঁদ! আবদারপুরে রাস্তার ওপর বোমা, ভোট-পিচে কি ফের বীরভূমের সেই দাপট?

হাতে আর মাস পাঁচেক সময়। তার আগেই বিধানসভা নির্বাচনের (Assembly Election) উত্তাপ টের পাচ্ছে বীরভূম। শুক্রবার সকালে সিউড়ি থানার আবদারপুর গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক সামনে রাস্তার ওপর তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শিশুদের স্কুলের দোরগোড়ায় এভাবে মৃত্যুফাঁদ দেখে আতঙ্কে কাঁটা হয়ে রয়েছেন অভিভাবকরা।
বারবার কেন টার্গেট আবদারপুর? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই প্রথম নয়, দিন কয়েক আগেই ঠিক একই এলাকা থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয়েছিল। সেবার বম্ব স্কোয়াড এসে সেগুলিকে নিষ্ক্রিয় করলেও আতঙ্ক কাটেনি। আজ ফের একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় সাধারণ মানুষের মনে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে।
নির্বাচনের আগে ঘনীভূত রহস্য সামনেই ভোট, তার আগে বীরভূমের গ্রামগঞ্জ থেকে একের পর এক বোমা উদ্ধার হওয়াটা মোটেই স্বাভাবিক বলে মনে করছে না ওয়াকিবহাল মহল।
প্রশ্ন ১: স্কুলের সামনে এভাবে বোমা কেন ফেলে রাখা হচ্ছে? বড় কোনো নাশকতার ছক ছিল কি?
প্রশ্ন ২: পুলিশি নজরদারি এড়িয়ে বারবার কোথা থেকে আসছে এই বিস্ফোরক?
প্রশ্ন ৩: তবে কি ভোটের আগে শক্তি প্রদর্শনের জন্য মজুত করা হচ্ছে বোমা?
আতঙ্কে গ্রামবাসীরা বোমা উদ্ধারের ঘটনার পর থেকেই গোটা গ্রাম থমথমে। স্কুলের সামনেই এমন ঘটনা ঘটায় সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন গ্রামবাসীরা। পুলিশের পক্ষ থেকে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বীরভূমে কেষ্ট-হীন জমানাতেও বোমাবাজির সংস্কৃতি যে বিন্দুমাত্র কমেনি, এই ঘটনা তারই প্রমাণ। এখন দেখার, পুলিশ প্রশাসন ভোটের আগে জেলাকে বোমা-মুক্ত করতে কী কী পদক্ষেপ নেয়।