বীরু-র শেষ ছবি নিয়ে পোস্ট জয়ের! কেন বড়দিনে মুক্তি পাচ্ছে না ধর্মেন্দ্রর ‘ইক্কিস’? আসল কারণ ফাঁস করলেন বিগ-বি।

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণের পর তাঁর শেষ ছবি ‘ইক্কিস’ (Ikkis) দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। কথা ছিল আগামী ২৫ ডিসেম্বর বড়দিনেই মুক্তি পাবে এই ছবি। কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল সেই পরিকল্পনা। আগামী ১ জানুয়ারি, অর্থাৎ ২০২৬-এর প্রথম দিন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে শ্রীরাম রাঘবন পরিচালিত এই বহুচর্চিত ছবি।
কেন পিছোল মুক্তির দিন? অনেকের ধারণা ছিল, বক্স অফিসে বর্তমান ‘ধুরন্ধর’ ঝড়ের দাপট দেখেই হয়তো পিছিয়ে দেওয়া হয়েছে ধর্মেন্দ্রর শেষ ছবি। কিন্তু সেই জল্পনায় জল ঢেলেছেন খোদ অমিতাভ বচ্চন। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) ‘জয়’ জানালেন তাঁর প্রিয় ‘বীরু’-র ছবির নতুন আপডেট। অমিতাভ লেখেন:
“আগে ‘ইক্কিস’ ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। এখন তা নতুন বছরের পয়লা জানুয়ারি রিলিজ করছে। কারণ জ্যোতিষ জানিয়েছেন, ওই সময়টাই ছবির জন্য সবথেকে শুভ।”
অর্থাৎ, বক্স অফিসের লড়াই নয়, বরং শুভক্ষণ মেনেই নতুন বছরের প্রথম দিনটি বেছে নিয়েছেন ছবির নির্মাতারা।
হি-ম্যানের শেষ ম্যাজিক: গত ২৪ নভেম্বর ধর্মেন্দ্রর মৃত্যুর পর থেকেই ‘ইক্কিস’ নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। ১৯৭১ সালের বসন্তরের যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে পরমবীর চক্র জয়ী সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের বাবার চরিত্রে দেখা যাবে ধর্মেন্দ্রকে। অরুণ ক্ষেত্রপালের ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভের নাতি অগস্ত্য নন্দা।
অগস্ত্যর অভিষেক ও ধর্মেন্দ্রর স্মৃতি: এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে চলেছে অগস্ত্যর। ধর্মেন্দ্র ও অগস্ত্য— দুই প্রজন্মের এই রসায়ন দেখার জন্য মুখিয়ে আছে বলিপাড়া। শ্রীরাম রাঘবনের পরিচালনা আর ধর্মেন্দ্রর শেষ অভিনয় মিলিয়ে ‘ইক্কিস’ যে দর্শকদের চোখে জল আনবে, তা বলাই বাহুল্য।
২০২৬-এর শুরুতেই প্রেক্ষাগৃহে ‘হি-ম্যান’-এর শেষ সালাম দেখার প্রস্তুতি শুরু করে দিয়েছে তিলোত্তমা থেকে তায়াম্বুর।