ধোনিকে এবার থামার অনুরোধ উথাপ্পার! সঞ্জু স্যামসন আসতেই সিএসকে-তে শুরু হলো ‘মাহি’ বিদায়ের সুর।

আইপিএল মানেই প্রতিবার একটি কমন প্রশ্ন— এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ মরসুম? গত কয়েক বছর ধরে ধোনি সব জল্পনা উড়িয়ে মাঠে নামলেও, ২০২৬ আইপিএলের আগে ছবিটা যেন কিছুটা বদলাতে শুরু করেছে। এবার ধোনিকে থামার জন্য অনুরোধ করলেন তাঁরই প্রাক্তন সতীর্থ রবিন উথাপ্পা। সিএসকে-র জার্সিতে আর প্রিয় ‘মাহি’ ভাইকে দেখতে চাইছেন না তিনি।

উথাপ্পার বিস্ফোরক মন্তব্য: একটি সাক্ষাৎকারে রবিন উথাপ্পা জানিয়েছেন, চেন্নাই সুপার কিংস এখন একটি পরিবর্তনের (Transition Period) মধ্য দিয়ে যাচ্ছে। রুতুরাজ গায়কওয়াড় ইতিমধ্যেই অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন। উথাপ্পার মতে, “এবারের নিলামের পর সিএসকে শিবিরের দিকে তাকালে আমার মনে হয়, ধোনির সরে যাওয়ার এটাই সেরা সময়।” সঞ্জু স্যামসনের মতো তারকা দলে আসায় ধোনির ওপর চাপ কমানোর সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করছেন তিনি।

সঞ্জুর জার্সি নম্বর ও একাদশে ভূমিকা: আইপিএল ২০২৬ শুরু হতে দেরি থাকলেও, সিএসকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে সঞ্জু স্যামসন তাঁদের হয়ে ১১ নম্বর জার্সি পরেই মাঠে নামবেন। কিন্তু প্রশ্ন উঠছে, দলে ধোনি থাকলে সঞ্জু কি কিপিং করার সুযোগ পাবেন? এই প্রসঙ্গে রবিচন্দ্রন অশ্বিন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “সিএসকে সঞ্জু স্যামসনকে উইকেটকিপার-ব্যাটার হিসেবে ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে ধোনিকে কেবল ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ হিসেবে ব্যাটার হিসেবে খেলানো যেতে পারে।”

ব্যাক-আপ যখন তুখোড়: নিলাম থেকে চেন্নাই ১৯ বছরের তরুণ তুর্কি কার্তিক শর্মাকেও দলে নিয়েছে। রাজস্থানের এই ব্যাটার বড় ছক্কা হাঁকাতে ওস্তাদ। ফলে ধোনি যদি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেন, তবে সিএসকে-র কাছে বিকল্পের অভাব নেই।

পাঁচবার ট্রফি জেতানো অধিনায়কের আইপিএল ভবিষ্যৎ নিয়ে এখন বিভক্ত ক্রিকেট মহল। একদিকে আবেগের ধোনি, অন্যদিকে ভবিষ্যতের দল গড়ার তাগিদ— সিএসকে ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত কোন পথে হাঁটে, এখন সেটাই দেখার।