উধাও শীত! উইকেন্ডেই পারদ চড়ল দক্ষিণে, কলকাতায় তাপমাত্রা কত? পশ্চিমী ঝঞ্ঝার বড় আপডেট

জাঁকিয়ে শীত পড়ার আগেই ফের বাধা। উইকেন্ডের শুরুটা ভালো গেলেও রবিবার সকালেই অনুভূত হল তাপমাত্রা বৃদ্ধি। আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিছুটা কমেছে ঠান্ডা। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও উত্তুরে-পূবালি হাওয়ার দাপটে উত্তরবঙ্গে ঠান্ডা আরও বেড়েছে। কলকাতার তাপমাত্রা সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব:

আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। পাশাপাশি পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীরে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত থাকায় শীতের পথে কিছুটা ধাক্কা লেগেছে। যদিও সর্বনিম্ন তাপমাত্রা আপাতত স্বাভাবিকের নীচেই থাকবে। আগামী কয়েকদিনে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না, সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা ও কুয়াশা:

পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বর্তমানে ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। আগামী কয়েকদিনে তা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা।

আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আবহাওয়া শুষ্ক থাকবে।

পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ সংলগ্ন এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।

উত্তরবঙ্গে জাঁকিয়ে ঠান্ডা:

উত্তরবঙ্গে ঠান্ডার প্রভাব বাড়ছে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরের প্রায় সব জেলাতেই। পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত কমে যেতে পারে।

দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার অঞ্চলে কুয়াশার সম্ভাবনা বেশি।

কোচবিহার ও আলিপুরদুয়ারের তাপমাত্রা কালিম্পংয়ের চেয়েও কম থাকবে।

কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।

কোচবিহার এবং আলিপুরদুয়ারের পারদ নেমেছে ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

জলপাইগুড়ির তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস।