বাবার খোঁজে এসে মেয়েকে গুলি! লেপের নিচেই রক্তাক্ত দশ বছরের নাবালিকা, উত্তর দিনাজপুরে ভয়াবহ ঘটনা

উত্তর দিনাজপুরের ইসলামপুরের মাটিকুন্ডা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে ঘটল এক হাড়হিম করা ঘটনা। রাতের খাওয়া সেরে লেপ মুড়ি দিয়ে খাটে ঘুমিয়েছিল বছর দশেকের এক নাবালিকা। সে সময়ই কয়েকজন আততায়ী হঠাৎ তার ঘরে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। তারা নাবালিকার বাবাকে খোঁজ করতে শুরু করে, কিন্তু ঘুমন্ত মেয়েটি তাতে সাড়া দেয়নি। এরপরই আচমকা গুলি চালায় আততায়ীরা—ছররা বন্দুকের গুলি ফুঁড়ে যায় নাবালিকার বুক। মেয়ের আর্তনাদ শুনে ছুটে এসে মা দেখেন, বিছানা রক্তে ভেসে যাচ্ছে, আততায়ীরা ততক্ষণে চম্পট দিয়েছে।

গুরুতর আহত অবস্থায় নাবালিকাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনার সূত্রপাত জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদকে কেন্দ্র করে। জানা যাচ্ছে, মাত্র ১ শতক জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ঝামেলা চলছিল। শনিবার সন্ধ্যায় আততায়ীরা ওই নাবালিকার বাবাকে খুঁজতে এসে তাঁকে না পেয়ে সরাসরি মেয়েকে লক্ষ্য করেই গুলি চালায় বলে অভিযোগ। তাতেই মর্মান্তিক মৃত্যু হয় শিশুটির।

এই ঘটনার পর ইসলামপুর থানার পুলিশ দ্রুত তদন্তে নেমেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। তবে কেন বাবাকে না পেয়ে মেয়েকে গুলি করা হলো? নাকি নাবালিকার ওপর পুরনো কোনও আক্রোশ ছিল? এই সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।