বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেট, ২০২৬-২৭ অর্থবর্ষের প্রস্তুতির জন্য সব দফতরকে দ্রুত নির্দেশ নবান্নের

রাজ্যে বিধানসভা নির্বাচনের আর পাঁচ মাসও বাকি নেই। এই পরিস্থিতিতে নবান্ন (Nabanna) আসন্ন শেষ বাজেট অধিবেশনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। যদিও বিধানসভার বাজেট অধিবেশনের দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবে সাধারণত ফেব্রুয়ারি মাসেই এই অধিবেশন অনুষ্ঠিত হয়। সেই সম্ভাবনাকে সামনে রেখেই রাজ্য সরকার জোর কদমে আগাম প্রস্তুতি শুরু করল।
নবান্নের একগুচ্ছ নির্দেশিকা: বাজেট অধিবেশনের প্রস্তুতির জন্য রাজ্যের সব দফতরকে নবান্নের তরফে একগুচ্ছ নির্দেশিকা পাঠানো হয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট প্রকাশনার প্রস্তুতির অংশ হিসেবে, রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত বাণিজ্যিক ও আধা-বাণিজ্যিক কার্যকলাপে যুক্ত সংস্থাগুলিকে তাদের গত তিনটি অর্থবর্ষের (২০২৩-২৪, ২০২৪-২৫, ও ২০২৫-২৬) সম্পূর্ণ হিসেব-নিকেশ জমা দিতে বলা হয়েছে।
রাজ্যের অর্থসচিব প্রভাতকুমার মিশ্র এই নির্দেশিকা জারি করেছেন। সমস্ত দপ্তরের প্রধান সচিবদের কাছে এই নির্দেশ পাঠিয়ে দ্রুত বাজেট সংক্রান্ত কাজ শেষ করার কথা বলা হয়েছে। নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, প্রতিটি দপ্তরের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন এবং সংযুক্ত তালিকায় থাকা পাবলিক সেক্টর আন্ডারটেকিং ও কর্পোরেশনগুলির প্রয়োজনীয় আর্থিক বিবরণী নির্দিষ্ট তালিকা অনুযায়ী জমা দিতে হবে।
সময়সীমা বেঁধে দেওয়া হলো: বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, রাজ্যের নির্ধারিত পোর্টালের মাধ্যমেই ২০২৬-২৭ সালের বাজেট প্রকাশনার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য সংকলন করা হবে। এই কাজের জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে বাজেট প্রকাশনার প্রস্তুতি সংক্রান্ত সব তথ্য সংগ্রহ করে অর্থ দপ্তরের পোর্টালে আপলোড করতে হবে। সমস্ত ডেটা অর্থ দপ্তরের পোর্টালেই জমা দিতে হবে এবং সব বিভাগীয় প্রধান সচিবকে এই বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক থেকে বারবার সরকারি উন্নয়নমূলক কাজে কোনো বিঘ্ন না ঘটার বিষয়ে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ছাব্বিশের নির্বাচনের আগে মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার কথাও বলেছেন। সেই আবহে আসন্ন বাজেট অধিবেশনের জন্য প্রয়োজনীয় তথ্য দ্রুত আপলোড করার এই নির্দেশ দিল নবান্ন।