ফুটপাথের জীবন অতীত! ভূমিহীনদের জন্য বর্ধমান পৌরসভার ‘ভালো বাসা’, এক ছাদের নীচে বিনামূল্যে খাওয়া-চিকিৎসা

দিনের পর দিন ফুটপাথে জীবন কাটানো ভূমিহীন, ভবঘুরে ও অবহেলিত মানুষের জন্য নতুন আশার আলো নিয়ে এল বর্ধমান পৌরসভা। এই অভিনব উদ্যোগে পৌরসভার তত্ত্বাবধানে ইতিমধ্যেই ২০ জন মানুষ একটি নিরাপদ আশ্রয়ে থাকার সুযোগ পেয়েছেন।

প্রায় দু’কোটি টাকা ব্যয়ে বর্ধমানের গুডশেড রোড এলাকায় বর্ধমান পৌরসভার উদ্যোগে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক এই তিনতলা আবাসন। এখানে ভবঘুরে, ভূমিহীন অথবা বাড়িতে দেখার কেউ নেই—এমন ৫০ জন মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকা, খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আবাসনের বিশেষত্ব ‘ভালো বাসা’: যেখানে নেই কোনো অবহেলা বা অবজ্ঞা, শুধু আছে ভালো থাকা, তাই এই আবাসনের নাম দেওয়া হয়েছে ‘ভালো বাসা’। এখানে কোনো বাধ্যবাধকতা নেই; ইচ্ছা হলে আবাসিকরা নিজেদের মতো কাজ করতে পারেন এবং সারাদিন কাজের শেষে নিজেদের এই নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে পারেন।

খাদ্য ব্যবস্থা: ম্যানেজার উত্তম ঘোষ জানান, সকালের জলখাবার থেকে শুরু করে দুপুর ও রাতের খাবার, সবই আসছে ‘মা ক্যান্টিন’-এর মাধ্যমে। সকালে এবং বিকেলে গরম চা-ও দেওয়া হয়।

চিকিৎসা পরিষেবা: শুধু থাকা-খাওয়ার ব্যবস্থাই নয়, আবাসিকদের স্বাস্থ্যের দিকেও বিশেষ খেয়াল রাখা হয়। প্রতি মাসে একজন করে এমবিবিএস চিকিৎসক এসে তাঁদের চেকআপ করেন। প্রয়োজনীয় সব ওষুধপত্রও সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয়।

আবাসনের ম্যানেজার উত্তম ঘোষের মতে, অভুক্ত থাকা, বৃষ্টিতে ভেজা বা শীতে কষ্ট পাওয়ার দিনগুলি আজ অতীত। বর্ধমান পৌরসভার ‘ভালো বাসা’য় আশ্রয় পেয়ে এই মানুষগুলি শুধু নিরাপদ আশ্রয়ই নয়, ফিরে পেয়েছেন সম্মান, যত্ন এবং বেঁচে থাকার এক নতুন প্রেরণা।