কেরল স্থানীয় নির্বাচনে বাম দুর্গে কংগ্রেসের জয়জয়কার, ৬টির মধ্যে ৪টি কর্পোরেশন ইউডিএফের দখলে, তিরুবনন্তপুরমে মুখরক্ষা বিজেপির

কেরলের সদ্য সমাপ্ত পুর ও পঞ্চায়েত নির্বাচনে বড়সড় ধাক্কা খেল ক্ষমতাসীন বাম জোট এলডিএফ (LDF)। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ (UDF) জোটের কাছে তারা কার্যত হার মানতে বাধ্য হয়েছে। অন্যদিকে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট শুধুমাত্র রাজধানী তিরুবনন্তপুরম কর্পোরেশনে জয়লাভ করে মুখরক্ষা করেছে। এই বিপুল সাফল্যের জেরে উচ্ছ্বসিত হয়েছেন কংগ্রেস সাংসদ শশী তারুর।

কেরলের ৬টি পৌর সংস্থাসহ মোট ১৪টি জেলা পঞ্চায়েত, ৮৭টি পুরসভা, ১৫২টি ব্লক পঞ্চায়েত এবং ৯৪১টি গ্রাম পঞ্চায়েতে ভোট অনুষ্ঠিত হয়েছিল।

ফলাফলের বিস্তারিত চিত্র:

পৌর সংস্থা (কর্পোরেশন): ৬টি কর্পোরেশনের মধ্যে ৪টি দখল করেছে কংগ্রেসের ইউডিএফ। বাম জোট এবং বিজেপি জোট জিতেছে ১টি করে কর্পোরেশন।

পুরসভা (মিউনিসিপ্যালিটি): ৮৭টি পুরসভার মধ্যে ৫৪টিতে জয় পেয়েছে কংগ্রেসের ইউডিএফ। বামেরা জিতেছে ২৮টি পুরসভায়, আর মাত্র দুটি পুরসভায় পদ্মফুল ফুটেছে।

জেলা পঞ্চায়েত: ১৪টি জেলা পঞ্চায়েতের মধ্যে ৭টি জিতেছে ইউডিএফ এবং বাকি ৭টিতে এগিয়ে রয়েছে এলডিএফ।

ব্লক পঞ্চায়েত: ১৫২টি ব্লক পঞ্চায়েতের মধ্যে ৭৯টিতে জয় পেয়েছে কংগ্রেসের ইউডিএফ এবং ৬৩টিতে এগিয়ে বামেরা।

গ্রাম পঞ্চায়েত: ৯৪১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৫০৩টিতে জয় পেয়েছে কংগ্রেসের জোট, যেখানে বাম জোটের দখলে এসেছে ৩৪১টি। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট জিতেছে ২৫টি গ্রাম পঞ্চায়েত।

তিরুবনন্তপুরমে বামেদের হাতছাড়া: তবে কেরলের স্থানীয় নির্বাচনে বিজেপির জন্য সবচেয়ে বড় সাফল্য এসেছে রাজধানী তিরুবনন্তপুরম কর্পোরেশনে। ১০১টি আসনের মধ্যে ৫০টি আসনে জয়লাভ করে তারা সকলকে চমকে দিয়েছে। গত ৪৫ বছরের ইতিহাসে এই প্রথম তিরুবনন্তপুরম কর্পোরেশন বামেদের হাতছাড়া হল, যা এলডিএফ-এর জন্য একটি ঐতিহাসিক পরাজয়।