‘মেসি-দর্শনে’ যুবভারতীতে চরম অব্যবস্থা, ‘মক্কা অফ ইন্ডিয়ান ফুটবল’ কলঙ্কিত, ভক্তদের ক্ষোভে পাশে দাঁড়িয়েও খুশি নন অভিনেতা জন ভট্টাচার্য

ফুটবল আইকন লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে সল্টলেক স্টেডিয়ামে সৃষ্ট বিশৃঙ্খলা এবং অব্যবস্থাপনার কারণে আজ ‘মক্কা অফ ইন্ডিয়ান ফুটবল’ যুবভারতী ক্রীড়াঙ্গন কলঙ্কিত হয়েছে। চরম অব্যবস্থার কারণে বহু মানুষ মোটা অঙ্কের টিকিট কেটেও তাঁদের প্রিয় ফুটবলারকে এক ঝলক দেখতে পাননি, যা জনগণের সমস্ত আশায় জল ঢেলে দিয়েছে।

এই ঘটনায় ক্রীড়াপ্রেমী থেকে বিনোদন জগতের মানুষ—সকলের মধ্যেই তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই নিজেদের রাগ উগড়ে দিচ্ছেন।

তবে, এই বিশৃঙ্খলার মধ্যেও অভিনেতা জন ভট্টাচার্য মেসিকে কাছ থেকে দেখার এবং তাঁর সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছেন। ইটিভি ভারতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অগণিত মানুষ আজ দেখতে পেলেন না মেসিকে। তাঁদের জন্য খুব খারাপ লাগছে আমার। অনেক দাম ছিল টিকিটের। অনেক দূর দূর থেকে কষ্ট করে টাকা জমিয়ে মানুষ এসেছিলেন তাঁকে দেখতে। কিন্তু না দেখে বাড়ি চলে গেলেন। এটা অত্যন্ত দুঃখজনক।”

ব্যক্তিগত আনন্দ ভাগ করতে কুণ্ঠাবোধ: জন ভট্টাচার্য বলেন যে তাঁর ব্যক্তিগতভাবে মেসিকে দেখার সুযোগ হওয়ায় তিনি ধন্য। মেসির সঙ্গে তাঁর একই জন্ম তারিখ (২৪ জুন) উল্লেখ করে তিনি নিজেকে ফুটবল রাজপুত্রের ‘অন্ধভক্ত’ বলে দাবি করেন। তবে অব্যবস্থাপনা নিয়ে তিনি আয়োজকদের তীব্র সমালোচনা করেছেন।

তাঁর মতে, “মাঠে মেসিকে ঘিরে এত লোক না থাকলেই ভালো হত। কিংবা একটা উঁচু স্টেজ করা যেত, যেখানে ভিড় নিয়ন্ত্রণ করে জনা কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষরা থাকতেন। উঁচু স্টেজ করলে দর্শকাসনের সবাই মেসিকে দেখতে পেতো, তাতে আজকের এই ঘটনাটা ঘটত না। দর্শকাসনের কেউই প্রায় মেসিকে দেখতে পাননি। তাই আমার নিজের তাঁকে সামনে থেকে দেখার আনন্দটা ভাগ করতেও কুণ্ঠা বোধ হচ্ছে।”

জন আরও জানান, এই বিশৃঙ্খলার মাঝেও অনেকে তাঁকে দেখে ছবি তুলতে এগিয়ে আসেন। “আমি বললাম আরে, আমি কে? আজ মেসির দিন। তবে, কোথাও গিয়ে একটু তো ভালো লাগছিলই যে লোকজন চিনতে পারছে আজকাল।”

অভিনেত্রী পূর্বাশা দেবনাথের অভিযোগ: খেলা দেখতে গিয়েছিলেন অভিনেত্রী পূর্বাশা দেবনাথও। ইটিভি ভারতকে তিনি জানান, “কিছুই দেখলাম না। মেসি দশ মিনিটের জন্য এসেছিলেন। কিং খান (শাহরুখ খান) তো এলেনই না। মেসিকে কিছু কালো কোট পরা লোক, কিছু ক্যামেরা পার্সন ঘিরে রাখল। কালো কোট পরা লোকগুলো কার বাউন্সার, কোথা থেকে এসেছে কেউ জানে না। জনাকয়েক রাজনৈতিক নেতা মন্ত্রীকে দেখলাম মেসিকে ঘিরে রাখতে। কেউ কেউ সেলফি তুলছেন। আমরা কী দোষ করলাম এত টাকা দিয়ে টিকিট কেটে? হুড খোলা জিপে মেসিকে ঘোরানোর কথা ছিল। সেটাও হল না।”