ভোটার তালিকা সংশোধনে বড় বদল! ৬ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR-এর সময়সূচি পাল্টালো নির্বাচন কমিশন

দেশের ছয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা সংশোধনের সময়সূচি পরিবর্তন করল নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের অনুরোধের ভিত্তিতে বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision – SIR) প্রক্রিয়ার এই সময়সূচি বদল করা হয়েছে।
কোথায় কবে গণনা ও প্রকাশ:
তামিলনাড়ু ও গুজরাট: এই দুই রাজ্যে ভোটার তালিকার গণনার কাজ শেষ হবে ১৪ ডিসেম্বর। খসড়া তালিকা প্রকাশিত হবে ১৯ ডিসেম্বর।
মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ: এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গণনা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। খসড়া তালিকা প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর।
উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশে গণনার শেষ দিন ২৬ ডিসেম্বর। খসড়া তালিকা প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর।
গোয়া, পুদুচেরি, লাক্ষাদ্বীপ, রাজস্থান ও পশ্চিমবঙ্গ: এই রাজ্যগুলিতে গণনা প্রক্রিয়া পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১১ ডিসেম্বর শেষ হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ১৬ ডিসেম্বর।
কেরল: সংশোধিত সময়সূচি অনুযায়ী কেরলের গণনা শেষ হচ্ছে ১৮ ডিসেম্বর। খসড়া তালিকা প্রকাশ পাবে ২৩ ডিসেম্বর।
কমিশনের বার্তা:
কমিশন জানিয়েছে, পূর্বের সংশোধিত সময়সূচি অনুযায়ী এই ছয়টি অঞ্চল-এর গণনা চলার কথা ছিল ১১ ডিসেম্বর পর্যন্ত এবং খসড়া তালিকা প্রকাশের তারিখ ছিল ১৬ ডিসেম্বর। কিন্তু বিভিন্ন রাজ্যের অনুরোধের ভিত্তিতে সেই সময়সীমা পরিবর্তন করা হয়েছে।
নির্বাচন কমিশন সকল যোগ্য নাগরিককে আহ্বান জানিয়েছে—যাতে কেউ ভোটার তালিকা থেকে বাদ না পড়েন, তার জন্য নতুন ভোটাররা ফর্ম ৬ ও ঘোষণাপত্র পূরণ করে সংশ্লিষ্ট বিএলও-র (BLO) কাছে জমা দিতে পারেন। এছাড়া, ECINet অ্যাপ অথবা ভোটার পোর্টাল (https://voters.eci.gov.in/) ব্যবহার করে অনলাইনে আবেদন জমা দেওয়ার সুযোগ রয়েছে।
এই সংশোধিত সময়সূচির ফলে ভোটার তালিকা প্রস্তুতির কাজ আরও সুসংহত ও সময়োপযোগী হবে বলে আশা করা হচ্ছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ফেব্রুয়ারি ২০২৬-এ।