ক্যানিং বারুইপুর রোডে ভয়াবহ দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মৃত্যু ১৭ বছরের বাইক আরোহীর

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং বারুইপুর রোডের বেলেগাছি মোড়ের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাইক আরোহী যুবক। জানা গিয়েছে, শ্বশুরবাড়ি যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে তাঁর বাইক। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে।
স্থানীয় সূত্রে খবর, বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই যুবক। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে কলকাতা নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার। এরপর যুবককে ফের ক্যানিং মহকুমা হাসপাতালে ফিরিয়ে আনা হলে চিকিৎসকরা তাঁর মৃত্যু নিশ্চিত করেন।
নিহত যুবকের নাম গোপাল নস্কর, বয়স মাত্র ১৭ বছর। তিনি এদিন রাতে রামধারী থেকে ক্যানিং থানার বাহির সোনা গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। বেলেগাছি মোড় পার হওয়ার পরই দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে গোপাল ধাক্কা মারেন।
পরিবারের লোকজন জানিয়েছে, চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গোপাল নস্করের মৃত্যু হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।