রাজনৈতিক ভেদাভেদ দূরে, ছাতনায় পথশ্রী প্রকল্পের শিলান্যাসে এক মঞ্চে তৃণমূল, সিপিএম ও বিজেপি নেতা

এলাকার সার্বিক উন্নয়নই যে রাজনীতির ঊর্ধ্বে, তার এক জোরাল প্রমাণ মিলল বাঁকুড়ার ছাতনায়। দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের দাবি ছিল জামতড়া থেকে বনকাটি পর্যন্ত সংযোগকারী রাস্তা সংস্কার ও মেরামতের। সেই দাবির প্রতি সাড়া দিয়ে এবার পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণের কাজ শুরু হতে চলেছে।

আর সেই কাজের শিলান্যাস অনুষ্ঠানেই দেখা গেল এক বিরল দৃশ্য। পরস্পরের বিরোধী রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হলেন এক মঞ্চে। বৃহস্পতিবার ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূল নেতা বঙ্কিম মিশ্রের উপস্থিতিতে, সিপিআইএম-বিজেপি সমর্থিত জামতড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উপেন মাণ্ডি নারকেল ফাটিয়ে শিলান্যাসের উদ্বোধন করেন।

দুই বিপরীত রাজনৈতিক শিবিরের নেতাকে একই লক্ষ্যে, একই মঞ্চে দেখা যাওয়ার এই ঘটনা এলাকায় এক নতুন ও ইতিবাচক বার্তা বহন করেছে। এই নজির প্রমাণ করে, মানুষের স্বার্থে আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক ভেদাভেদকে দূরে সরিয়ে রাখা সম্ভব। স্থানীয় গ্রামবাসী এই ঐক্যের বার্তায় খুশি।

Dipak Barman01
  • Dipak Barman01