‘পুজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি’ হলো মনরেগা! কেন্দ্রের বড় সিদ্ধান্ত, কাজের দিন বৃদ্ধি ও রোজগার বাড়লেও বিতর্ক

কেন্দ্রীয় মন্ত্রিসভা শুক্রবার মনরেগা (MGNREGA) প্রকল্পে এক বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। শুধু কাজের দিন ও রোজগার বাড়ানোই নয়, এই বহুল পরিচিত প্রকল্পটির নামও বদলে দেওয়া হয়েছে। এখন থেকে মনরেগা পরিচিত হবে ‘পুজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি’ নামে।
এই প্রকল্পের অধীনে ন্যূনতম কাজের দিন ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করা হয়েছে। অর্থাৎ, এবার থেকে বছরে কমপক্ষে ১২৫ দিনের কাজ দেওয়া হবে। এর দরুন দৈনিক ন্যূনতম মজুরিও বাড়িয়ে ২৪০ টাকা করা হয়েছে।
হঠাৎ নাম পরিবর্তনের কারণ:
সাম্প্রতিককালে প্রশাসনিক স্তরে নাম বদলের যে প্রবণতা দেখা যাচ্ছে, এটি তারই একটি নজির। ঔপনিবেশিকতাকে ‘ছুড়ে ফেলে’ রাজভবন হয়েছে লোকভবন, রাজ্যপাল হয়েছেন লোকপাল। নয়াদিল্লির প্রধানমন্ত্রী অফিস (PMO) এখন ‘সেবা তীর্থ’। রাজপথ হয়েছে কর্তব্যপথ, রেস কোর্স রোড হয়েছে লোক কল্যাণ মার্গ। সেই একই ধারায় এবার নাম পরিবর্তন হলো মনরেগা প্রকল্পের।
যোগসূত্র কি বাংলার রাজনীতি?
ওয়াকিবহাল মহল মনে করছে, এই নাম পরিবর্তনের নেপথ্যে বাংলার রাজনীতির যোগ থাকতে পারে। মনরেগা প্রকল্প নিয়ে বাংলার সঙ্গে কেন্দ্রের বিবাদ দীর্ঘদিনের। বকেয়া টাকা মেটানো থেকে শুরু করে পুনরায় ১০০ দিনের কাজ চালু করার নির্দেশ— কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রতিটি স্তরেই কেন্দ্রীয় সরকার যেন এই প্রকল্প নিয়ে ব্যাকফুটে পড়েছে।
কেন্দ্র সুপ্রিম কোর্টেও দ্বারস্থ হয়েছিল, কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। একাংশের মতে, মনরেগা যেন দিন দিন কেন্দ্রের জন্য একটি ‘দাগ’-এ পরিণত হয়েছে। সেই ‘দাগ’ মুছে ফেলার জন্যই এবং প্রকল্পের ভাবমূর্তি পরিবর্তনের লক্ষ্যে কেন্দ্র এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।