“আমার কোলেই মারা গিয়েছিল সন্তান”- গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজার জীবনের ‘কঠিনতম ত্যাগ’-এর গোপন কথা ফাঁস!

অভিনেতা গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা সবসময়ই স্পষ্টবাদী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর ব্যক্তিগত জীবনের এক গভীর দুঃখের কথা প্রকাশ্যে এনেছেন। সুনীতা জানান, টিনার জন্মের পর তাঁদের আরও একটি কন্যা সন্তান হয়েছিল, যার তিন মাস বয়সে মৃত্যু হয়। সেই মুহূর্তটি তাঁর জীবনের সবচেয়ে কঠিনতম অভিজ্ঞতা ছিল বলে বর্ণনা করেন তিনি।
ঊষা কাকাড়ের সঙ্গে এক একান্ত আলাপচারিতায় সুনীতা আহুজাকে প্রশ্ন করা হয়েছিল, জীবনের এমন কোন মুহূর্ত, যখন তিনি নিজের জন্য সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করেছিলেন? এই প্রশ্নের উত্তরে সুনীতা তাঁর দ্বিতীয় মেয়ের কথা উল্লেখ করেন।
সুনীতা বলেন, “আমার আরও একটি মেয়ে হয়েছিল। অষ্টলক্ষ্মী তাঁর নাম ছিল, সে ছিল প্রি-ম্যাচিওর। তিন মাস ওকে কোলে কোলে রেখেছিলাম। আসলে ওর ফুসফুসের বিকাশ হয়নি ঠিক করে। সেই রাতে ও শ্বাস নিতে পারছিল না, এবং আমার কোলেই মারা গিয়েছিল। এটি আমার জন্য খুব বাজে একটা সময় ছিল, অন্যথায় আজ আমার দুটি মেয়ে এবং একটি ছেলে থাকত।” এই মর্মান্তিক ঘটনাকে তিনি তাঁর জীবনের সবচেয়ে বড় ত্যাগ হিসেবে বর্ণনা করেন।
উল্লেখ্য, ১৯৮৭ সালে গোবিন্দা এবং সুনীতা আহুজা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুটি সন্তান—মেয়ে টিনা এবং ছেলে যশবর্ধন। যদিও বিগত বেশ কিছুদিন ধরে তাঁদের বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) সংক্রান্ত নানা গুজব শোনা যাচ্ছে। তবে প্রতিবারই গোবিন্দা এবং সুনীতা দুজনেই সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। সুনীতা বরং স্পষ্ট জানিয়েছেন, যদি কখনও এমন কিছু ঘটে, তবে তিনি নিজেই সংবাদমাধ্যমকে এই বিষয়ে জানাবেন।