কাকে ভালোবাসেন স্মৃতি? বিয়ে ভাঙার পর প্রথমবার মুখ খুললেন তারকা ব্যাটার

বিশ্বকাপ জয়ের পর এই প্রথম জনসমক্ষে এলেন ভারতের মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। তবে কেবল বিশ্বকাপ জয় নয়, সঙ্গীত শিল্পী পলাশ মুচ্ছলের সঙ্গে তাঁর বিয়ে ভেঙে যাওয়ার ব্যক্তিগত সিদ্ধান্তের ঘোষণার পর এটিই তাঁর প্রথম জনসমক্ষে আসা।
বুধবার ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরের সঙ্গে দিল্লি ভারত মণ্ডপমে আয়োজিত ‘অ্যামাজন সম্ভব শীর্ষ সম্মেলন’-এ যোগ দেন এই দুই তারকা ক্রিকেটার। সেখানেই স্মৃতি মান্ধানা তাঁর পেশাগত এবং ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন।
বিচ্ছেদের পর প্রথম মন্তব্য
গত ৭ ডিসেম্বর ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে স্মৃতি নিজেই সংগীত শিল্পী পলাশ মুচ্ছলের সঙ্গে তাঁর বিয়ে ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বেশ কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনার পর পারিবারিক সিদ্ধান্তের ভিত্তিতে এই বিচ্ছেদ হয়েছে বলেও তিনি জানান।
শীর্ষ সম্মেলনে স্মৃতি তাঁর বিগত ১২ বছরের ক্রিকেট কেরিয়ারের দিকে ফিরে তাকিয়ে বলেন, “আমি স্পষ্ট বুঝেছি, ক্রিকেটের চেয়ে বেশি অন্য কিছু ভালোবাসি না। ভারতের জার্সি পরা আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।” তিনি যোগ করেন, “সমস্ত উদ্বেগ একপাশে রেখে দিই। এই ভাবনাই জীবনের উপর মনোযোগ দিতে সাহায্য করে।”
স্বপ্নের পথে যাত্রা
সম্মেলনে স্মৃতি তাঁর ২০১৩ সালে কেরিয়ারের শুরু থেকে গত মাসের বিশ্বকাপ জয় পর্যন্ত দীর্ঘ যাত্রার কথা বর্ণনা করেন। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই তাঁর ব্যাটিংয়ের প্রতি তীব্র আগ্রহ ছিল, যদিও কেউ সেটা বুঝতে পারত না। তবে সবসময়ই তাঁর ইচ্ছা ছিল যে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হবেন।’
বিশ্বকাপ জয়কে তিনি শুধু নিজেদের জয় হিসেবে নয়, মহিলা ক্রিকেটের কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা হিসেবেও দেখেন। ঝুলন গোস্বামীর মতো তারকার কথা উল্লেখ করে স্মৃতি বলেন, “আমরা সত্যিই তাঁদের জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। তাঁদের চোখে জল দেখে মনে হয়েছিল যেন পুরো মহিলা ক্রিকেট জিতে গেছে। এটি তাঁদের লড়াইয়ের জয়।”
ভারতের এই তারকা ব্যাটারকে আগামী ২১ ডিসেম্বর থেকে বিশাখাপত্তনমে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজের জন্য ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।