‘খুন করার চেষ্টা’! সন্দেশখালির শেখ শাহজাহান মামলার প্রধান সাক্ষীর গাড়ি দুর্ঘটনার কবলে, মৃত ২; বিস্ফোরক অভিযোগ পরিবারের

জেলবন্দি শেখ শাহজাহানের বিরুদ্ধে চলা সিবিআই (CBI) মামলার অন্যতম মূল সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। এই ঘটনায় সাক্ষী নিজে প্রাণে বেঁচে গেলেও তাঁর ছোট ছেলে সত্যজিৎ ঘোষ এবং গাড়ির চালক শাহানুর মোল্লা-র মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পিছনে ‘নিছক দুর্ঘটনা’ নয়, বরং পরিকল্পিত ‘খুনের চেষ্টা’ রয়েছে—এমনই বিস্ফোরক অভিযোগ এনেছেন সাক্ষী ভোলানাথ ঘোষ এবং তাঁর বড় ছেলে।

জানা গিয়েছে, ভোলানাথ ঘোষ বসিরহাট আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য যাচ্ছিলেন। সেই পথেই একটি ট্রাক সজোরে তাঁর গাড়িতে ধাক্কা মারে।

স্ত্রী-র আশঙ্কা:

এই ঘটনার পর ভোলানাথ ঘোষের স্ত্রী স্বামীর নিরাপত্তা নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, “এখনও পর্যন্ত আমার স্বামীর পিছনে পড়ে আছে। সব সময় ক্ষতি করার জন্য মেরে ফেলার জন্য ওরা উঠে পড়ে লেগেছে।” তাঁর অভিযোগের তীর স্পষ্টতই শেখ শাহজাহান ঘনিষ্ঠদের দিকে।

এই ভয়াবহ দুর্ঘটনায় দুইজনের মৃত্যু এবং প্রধান সাক্ষীর প্রাণে বেঁচে যাওয়া—পুরো ঘটনাটিই সন্দেশখালির মামলাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভোলানাথ ঘোষের পরিবার এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।