‘ভোটার তালিকায় অনুপ্রবেশকারী নয়’, এসআইআর (SIR) বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কড়া বার্তা লোকসভায়

ভোটার তালিকায় কোনও ভাবেই অনুপ্রবেশকারীদের নাম রাখা হবে না—বুধবার লোকসভায় এসআইআর (Special Intensive Revision of Electoral Rolls) নিয়ে বিরোধীদের অভিযোগের জবাব দিতে গিয়ে এমনই কড়া দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, অনুপ্রবেশকারীদের জন্যই দেশে বিভাজনের সৃষ্টি হচ্ছে, যা কেন্দ্রীয় সরকার কোনওভাবেই বরদাস্ত করবে না।
অমিত শাহ স্পষ্ট ভাষায় বলেন, “আমাদের নীতিই হল অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের নাম ভোটার তালিকা থেকে মুছে দেওয়া এবং তাদের ফেরত পাঠানো।”
লোকসভায় শাহ-রাহুল বাকযুদ্ধ:
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময় এদিন লোকসভায় প্রবল হইহট্টগোল শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাকযুদ্ধে জড়ান বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শাহ রাহুলকে উদ্দেশ্য করে বলেন, “আপনার কথায় লোকসভা চলবে না।” একপর্যায়ে বিরোধীদের কটাক্ষ করে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, “আমি তো অনুপ্রবেশকারীদের কথা বলছি। তাহলে বিরোধীরা ওয়াক আউট করলেন কেন?”
অমিত শাহ আরও বলেন, “আমরা চাই না দেশে বিভাজনের সৃষ্টি হোক। তাই যে কোনও উপায়ে আমাদের অনুপ্রবেশ বন্ধ করতেই হবে।” সেই কারণেই সীমান্তে কেন্দ্রীয় সরকার নিরাপত্তার কড়াকড়ি আরও বাড়াচ্ছে বলেও তিনি দাবি করেন।
এদিনের বাকযুদ্ধের মাঝে অমিত শাহ কংগ্রেসের বিরুদ্ধেই স্বাধীনতার পর থেকে তিন বার ভোট চুরির অভিযোগ তুলেছেন।
ওয়াকআউট করে অভিযোগ রাহুলের:
তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মাঝেই লোকসভা থেকে ওয়াকআউট করেন বিরোধীরা। এরপর রাহুল গান্ধী সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের কোনও প্রশ্নেরই উত্তর দেননি। তাঁর অভিযোগ, “উনি আমাদের সব প্রশ্ন এড়িয়ে গিয়ে রক্ষণাত্মক জবাব দিয়েছেন। আমরা স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দাবি জানিয়েছিলাম, কিন্তু উনি সেই প্রশ্নের জবাব দিলেন না। আমরা ইভিএম-এর নকশা জনসমক্ষে আনার কথা বলেছিলাম, উনি তারও জবাব দেননি।”