নদীতে নৌকা নয়, চলছে ট্রাক্টর! আত্রেয়ীর বুক চিরে বালি চুরি, বিধায়কের দিকে আঙুল!

নদীকে বাঁচাতে প্রশাসনের নজরদারি কোথায়? নৌকা নয়, ট্রাক্টর চালিয়ে প্রকাশ্যে দিবালোকে চলছে বালি চুরি। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে আত্রেয়ী নদীর জলস্তর কমার সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে বালি মাফিয়ারা। অবৈধভাবে নদী থেকে বালি খননের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই চক্র সক্রিয়। এভাবে দিনের পর দিন বালি তোলার ফলে নদী দুর্বল হয়ে পড়ছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “এইভাবে বালি তুলতে থাকলে আমরা চাপে পড়ব। বন্য়া এলে নদীর তা সামাল দেওয়ার ক্ষমতা চলে যাবে। এখানে মানুষ ভেসে যাবে।”
এই ঘটনায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাজ্যের শাসকদলের মদতেই বালি মাফিয়ারা কাজ করছে বলে বরাবর অভিযোগ করে বিজেপি। এদিন স্থানীয় বিজেপি নেতা রজত ঘোষ সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন, “বিধায়ক জড়িত রয়েছেন। পুলিশ জড়িত রয়েছে।” যদিও এসব অভিযোগ মানতে নারাজ স্থানীয় বিধায়ক। প্রশাসন ও জনপ্রতিনিধিদের এমন নীরব ভূমিকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।