৫০টিরও বেশি বোমা! পুকুরপাড় ও বাঁশবাগানে মজুত, মুর্শিদাবাদে নির্বাচন ঘিরে বাড়ছে রহস্য

লোকসভা নির্বাচনের প্রাক্কালে মুর্শিদাবাদে ফের বোমা-কাণ্ড! রানিতলা এবং ডোমকল, এই দুটি থানা এলাকা থেকে মোট ৫০টিরও বেশি সকেট বোমা উদ্ধার হয়েছে। বিপুল সংখ্যক এই বিস্ফোরক উদ্ধারের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানিতলা থানা এলাকার অন্তর্গত একটি পুকুর পাড় থেকে ৩০টি সকেট বোমা উদ্ধার করা হয়। অন্যদিকে, ডোমকল থানা সংলগ্ন এলাকার রাস্তার পাশের একটি বাঁশ বাগান থেকেও আরও ২৫টি সকেট বোমা উদ্ধার হয়েছে।

খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় বোম স্কোয়াড। তারা সমস্ত বোমাগুলিকে সুরক্ষিতভাবে নিষ্ক্রিয় করে। তবে পুলিশ আধিকারিকদের কপালে ভাঁজ ফেলেছে এই ঘটনা। তাদের মতে, যখন নির্বাচন আসন্ন, সেই সময়ে এত পরিমাণ বোমা উদ্ধার হওয়া মোটেই স্বাভাবিক নয়। এর পেছনে কোনো নাশকতার ছক বা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেই জানিয়েছে পুলিশ। কারা এই বোমা মজুত করেছিল এবং কী উদ্দেশ্যে রেখেছিল, সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

Dipak Barman01
  • Dipak Barman01