যোগ্য প্রার্থীদের বিস্তারিত তালিকা প্রকাশের আর্জিতে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট, নিয়োগের স্বচ্ছতা নিয়ে অসন্তোষ

এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় যোগ্য প্রার্থীদের বিস্তারিত তথ্য-সহ তালিকা প্রকাশের আর্জিতে বুধবার সাড়া দিলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট এর আগে একাধিকবার অযোগ্যদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেও, চাকরি বাতিল হওয়া যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা এখনও প্রকাশিত হয়নি। এই বিষয়ে আবেদন জানানো হলেও বিচারপতি কোনো নতুন নির্দেশ জারি করেননি।

চলতি বছরের ৩ এপ্রিল দেশের শীর্ষ আদালত ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করেছিল। বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ এসএসসি-কে নিশ্চিত করতে বলেছিল যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনো অযোগ্য প্রার্থী যেন না ঢুকে পড়ে। এই প্রেক্ষাপটে, নবম-দশমের পরীক্ষায় অংশ নেওয়া চাকরিপ্রার্থীদের একাংশ দাবি করেছিলেন, ‘টেন্টেড’ বা দাগিদের আলাদা আলাদা ক্যাটেগরি উল্লেখ করে তালিকা প্রকাশ করা হোক। পাশাপাশি, যাঁদের এখনও পর্যন্ত অযোগ্য বা দাগি হিসাবে বিবেচনা করা হয়নি, তাঁদেরও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হোক, যাতে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়।

তবে বিচারপতি অমৃতা সিনহা মামলার শুনানি শেষে নতুন করে আর যোগ্যদের এবং ক্যাটেগরি উল্লেখ করে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিলেন না।

এদিন এসএসসি’র পক্ষে আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, “টেন্টেড লিস্ট অর্থাৎ অযোগ্যদের তালিকা আমরা প্রকাশ করে দিয়েছি। যাঁরা যোগ্য, তাঁরা এখনও চাকরি করছেন। প্রতিদিন একেক জন একেকটা দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে আসবে কিন্তু সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। আমাদের ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ শেষ করতে হবে। অত্যন্ত চাপের মধ্যে কাজ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে দয়া করে আর কোনও নির্দেশ দেবেন না।”

কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, নতুন নিয়োগে যদি কোনো টেন্টেড প্রার্থী ঢুকে পড়েন, তা প্রমাণ করতে পারলে তাঁর নাম নিয়োগের তালিকা থেকে বাদ পড়বে। তিনি স্পষ্ট করেন, যাঁরা এখনও স্কুলে যাচ্ছেন এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রয়েছেন, তাঁরা প্রত্যেকেই যোগ্য হিসাবে বিবেচিত হবেন।

তবে মামলাকারীদের অভিযোগ, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও যাঁরা চাকরি পেয়েছিলেন, সুপ্রিম কোর্ট তাঁদের ‘অযোগ্য’ বলেনি, কারণ তাঁরা দুর্নীতি করেননি—কিন্তু এসএসসি তাঁদের তালিকা আলাদা করে প্রকাশ করছে না। ফলে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Dipak Barman01
  • Dipak Barman01