‘নদীকে গালাগালি দিলেও সে বয়ে যাবে’! নাম না করে ফের প্রাক্তন সহকর্মী দিতিপ্রিয়াকে কটাক্ষ জীতু কমলের?

জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর অভিনেতা জীতু কমল (Jeetu Kamal) এবং প্রাক্তন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) মধ্যে মনোমালিন্যের খবর টলিপাড়ায় পুরোনো। দিতিপ্রিয়া সরে যাওয়ার পর ‘অপর্ণা’ চরিত্রে শিরিনের আগমন হয়। প্রথমে জল্পনা ছিল যে টিআরপি কমতে পারে, কিন্তু নতুন ‘অপর্ণা’র আগমনে ধারাবাহিকটি টিআরপি তালিকায় নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়।
দিতিপ্রিয়া সরে যাওয়ার পর থেকেই অভিনেতা জীতু কমল তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে তাঁকে কলুষিত করার চেষ্টা হলেও দর্শকদের ভালোবাসায় তাঁর ইমেজ অক্ষুণ্ণ রয়েছে। এবার তিনি আরও একটি নতুন পোস্ট করে নিজেকে নদীর সঙ্গে তুলনা করলেন।
একটি সিংহের মূর্তির সামনে দাঁড়িয়ে জীতু ছবি পোস্ট করে লেখেন, “নদীর ধারে বসে তুমি নদীর ওপর ঢিল মারলে বা নদীকে গালাগালি দিলে তাতে নদীর কিছু আসবে যাবে না। নদী নিজের ধারায় বয়ে যাবে। সেই প্রবাহমান নদীতে তুমি যদি সাঁতার না জেনে নাও তাহলে নদী তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে।”
এই পোস্টে কারও নাম উল্লেখ না করা হলেও, ইন্ডাস্ট্রির ওয়াকিবহাল মহল মনে করছে—এটি প্রাক্তন সহকর্মী দিতিপ্রিয়া রায়কে উদ্দেশ্য করেই লেখা হয়েছে। জীতু পরোক্ষভাবে বোঝাতে চাইছেন যে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ বা কটাক্ষগুলি নদীর জলে ঢিল মারার মতোই গুরুত্বহীন।
প্রসঙ্গত, জীতু কমল সম্প্রতি জানিয়েছেন যে ‘চিরদিনই তুমি যে আমার’-এর পর তিনি ছোট পর্দায় আর অভিনয় করবেন না। আগামী দিনে তিনি ওয়েব সিরিজ বা বড় পর্দায় কাজ করতে চান। অভিনেতার এই সিদ্ধান্তে তাঁর অনুরাগীরা ভীষণভাবে ভেঙে পড়েছেন এবং প্রতিদিন টিভির পর্দায় তাঁকে দেখতে পাওয়ার জন্য সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানিয়েছেন।