একাধিক শো বাতিল করে বাড়িতেই ছিলেন, তার মধ্যেই অবস্থার অবনতি! তারকা শিল্পী নচিকেতাকে কেন নিয়ে যাওয়া হল হাসপাতালে?

বাংলা সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় নক্ষত্র নচিকেতা চক্রবর্তী। তাঁর কালজয়ী গান ‘বৃদ্ধাশ্রম’ আজও বহু মানুষের চোখে জল আনে। বয়সের ভারে ঋজু হলেও তাঁর কণ্ঠে গান এখনও অমলিন। কিন্তু শীতের মরসুমে শো শুরুর মুখে এই তারকা শিল্পীর অসুস্থতার খবর শুনে উদ্বিগ্ন তাঁর অগণিত ভক্ত।
সূত্রের খবর অনুযায়ী, গতকাল শনিবার হার্টের সমস্যা নিয়ে নচিকেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যদিও এই মুহূর্তে গায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
অসুস্থতার কারণে রবিবার আসানসোলে সহ আগামী বেশ কয়েকদিনের অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। বাড়িতেই বিশ্রামে ছিলেন শিল্পী। কিন্তু এর মধ্যেই অবস্থার অবনতি ঘটলে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসেও একবার নচিকেতার অসুস্থতার খবর ছড়িয়েছিল। তখন সাময়িকভাবে বেশ কয়েকটি অনুষ্ঠান বাতিল হয়। পরে অবশ্য জানা যায়, সারভাইকাল স্পন্ডেলাইটিস বেড়ে যাওয়ার কারণে তিনি বিরতিতে ছিলেন। তবে এবার সারভাইক্যাল স্পন্ডেলাইটিস নয়, হার্টের সমস্যার জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
যদিও শিল্পীর পরিবারের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। নচিকেতার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা।