‘মাথার খুলি ভেঙে দেবো, মাটিতে পা রাখতে দেবো না!’ সংহতি সভার মঞ্চে চরম হুংকার মালদহ TMC সভাপতির

মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী সংহতি সভার মঞ্চ থেকে আবারও বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের জন্ম দিলেন। তিনি শুধু বিরোধীদের ‘মাথার খুলি ভেঙে দেওয়ার’ হুমকি দেননি, বরং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মালদায় এলে তাঁকে গাড়ি থেকে মাটিতে পা ফেলতে দেওয়া হবে না বলেও হুংকার ছেড়েছেন।
সংহতি দিবস উপলক্ষে মালদহের ইংরেজবাজার শহরের রথবাড়ি মোড়ে তৃণমূলের পক্ষ থেকে একটি পথসভা আয়োজন করা হয়েছিল। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, “রাতের অন্ধকারে বিরোধীরা ষড়যন্ত্র করছে। যে মাথা দিয়ে এই ষড়যন্ত্র করছে সেই মাথার খুলি ভেঙে দেওয়া হবে।”
তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করে বলেন, “বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কদর্য ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন। ও একটা নির্লজ্জ বেহায়া। তৃণমূল কংগ্রেস চাইলে ওকে মালদার মাটিতে আসলে গাড়ি থেকে পা মাটিতে রাখতে দেবো না।”
এই মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিজেপি রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পরিস্থিতি সৃষ্টি করছে এবং বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যাচ্ছেতাই ভাষায় আক্রমণ করছেন। এই কারণেই তাঁকে জবাব দেওয়া হয়েছে।
বিজেপি-র পাল্টা হুংকার:
তৃণমূল সভাপতির এই হুমকির তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতা অম্লান ভাদুড়ী। তিনি পাল্টা হুংকার দিয়ে বলেন, “শুভেন্দুকে দেখে আতঙ্কিত তৃণমূল। আর সেই কারণেই আব্দুর রহিম বক্সী এ ধরনের কথাবার্তা বলছেন। উনার ক্ষমতা থাকলে কিছু করে দেখান।”