ইন্ডিগো-র বিমান বাতিল, এবার ত্রাতা রেল! হাওড়া-দিল্লি-মুম্বই রুটে বিশেষ ট্রেন, প্রিমিয়াম ট্রেনে বাড়তি ১১৬ কামরা

ইন্ডিগো বিমান সংস্থার পরিষেবা ব্যাহত হওয়ার পর যাত্রীদের ভিড় সামলাতে এবং তাঁদের গন্তব্যে পৌঁছানোর জন্য বড় পদক্ষেপ করল রেলওয়ে। রেলের তরফে বিভিন্ন রুটে বিশেষ ট্রেন চালানোর পাশাপাশি ৩৭টি প্রিমিয়াম ট্রেনে অতিরিক্ত ১১৬টি কোচ জুড়ে দেওয়া হয়েছে।

যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেল হাওড়া ও শিয়ালদা থেকে নয়াদিল্লি এবং মুম্বইয়ের লোকমান্য তিলকের মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

স্পেশাল ট্রেনের সময়সূচি:

হাওড়া-নয়াদিল্লি স্পেশাল (০৩০০৯): আগামী ৮ ডিসেম্বর এই ট্রেনটি হাওড়া থেকে সকাল ১১টায় ছাড়বে। ফেরার পথে ১০ ডিসেম্বর ০৩০১০ নয়াদিল্লি-হাওড়া স্পেশাল নয়াদিল্লি থেকে সকাল ৭টা ৩০ মিনিটে ছেড়ে পরের দিন দুপুর ১টা ৩০ মিনিটে হাওড়া পৌঁছাবে। ট্রেনটি বাংলার বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল স্টেশনে থামবে।

শিয়ালদা-লোকমান্য তিলক স্পেশাল (০৩১২৭): এই ট্রেনটি আগামী ৮ ডিসেম্বর শিয়ালদা থেকে রাত ১১টা ১০ মিনিটে ছাড়বে। ফেরার পথে ১১ ডিসেম্বর ০৩১২৮ লোকমান্য তিলক থেকে শিয়ালদাগামী স্পেশাল ট্রেনটি সকাল সাড়ে ৬টায় ছেড়ে পরদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শিয়ালদা পৌঁছবে। ট্রেনটি বাংলার নৈহাটি, ব্যাণ্ডেল, বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল স্টেশনে থামবে।

অন্যান্য বিশেষ পরিষেবা:

রেল জানিয়েছে, গোরক্ষপুর থেকে আনন্দ বিহার টার্মিনাল পর্যন্ত এক জোড়া স্পেশাল ট্রেন (০৫৫৯১/০৫৫৯২) চলবে ৭ এবং ৯ ডিসেম্বর। এছাড়া নয়াদিল্লি-মুম্বই সেন্ট্রাল-নয়াদিল্লি সুপারফাস্ট স্পেশাল (০৪০০২/০৪০০১) ট্রেন ছুটবে ৭ ডিসেম্বর।

রেল মন্ত্রক জানিয়েছে, যে সব রুটে চাহিদা বেশি, সেগুলিতে অতিরিক্ত চেয়ার কার এবং স্লিপার কোচ যুক্ত করা হয়েছে। দক্ষিণ রেল সবচেয়ে বেশি ১৮টি ট্রেনে বাড়তি কোচ যুক্ত করেছে। এর পাশাপাশি উত্তর রেল, পশ্চিম রেল, পূর্ব রেল এবং ইস্ট কোস্ট রেলও একাধিক গুরুত্বপূর্ণ রুটে অতিরিক্ত থার্ড এসি, স্লিপার ও টু টায়ার কোচ সংযোজন করেছে।