‘প্রচণ্ড দলাদলির কারণে দলে ভূমিকা পাবেন না সিধু’! কংগ্রেস ছাড়ার জল্পনা উসকে দিলেন নভজ্যোত কৌঁর

ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদ নভজ্যোত সিং সিধু দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয়। এবার তাঁর কংগ্রেস ছাড়ার জল্পনা উসকে দিলেন স্ত্রী নভজ্যোত কৌর সিধু। তিনি দাবি করেছেন, পাঞ্জাব কংগ্রেসের অভ্যন্তরীণ দলাদলি এতটাই চরম যে সিধুর আর দলে কোনো ভূমিকা পাওয়ার সম্ভাবনা নেই।

শনিবার সিধুর স্ত্রী নভজ্যোত কৌর সিধু সংবাদমাধ্যমে বলেন, “কংগ্রেস ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে নভজ্যোত সিং সিধুর আবেগ জড়িয়ে রয়েছে। কিন্তু প্রচণ্ড দলাদলির কারণে তিনি দলে কোনও ভূমিকা পাবেন না।” সিধুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তাঁর মন্তব্য, “যদি কোনও দল আমাদের ভূমিকা দেয়, তাহলে আমরা আবার পাঞ্জাবকে সোনালি বানাতে পারি। কংগ্রেস তাঁকে মুখ্যমন্ত্রী করলে উনি ফিরে আসবেন। অন্যথায় তিনি তাঁর জীবনে সুখী আছেন।” তাঁর ইঙ্গিত স্পষ্ট: মুখ্যমন্ত্রীর পদ বা গুরুত্বপূর্ণ ভূমিকা না পেলে সিধু আর সক্রিয় রাজনীতিতে ফিরছেন না।

নভজ্যোত কৌর আরও দাবি করেন যে, পাঞ্জাব কংগ্রেসের মধ্যে পাঁচজন নেতা মুখ্যমন্ত্রী পদ পেতে চাইছেন এবং তাঁরা নিজেদের দলের বিরুদ্ধেই কাজ করছেন। ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে দ্বন্দ্বের পর থেকেই সিধু কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন।

রাজ্যপালের কাছে একাধিক অভিযোগ:

এদিকে, নভজ্যোত কৌর চণ্ডীগড়ে পাঞ্জাবের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়ার সঙ্গে তাঁর সাক্ষাতের কথাও জানিয়েছেন। তিনি রাজ্যপালের কাছে ভিভিআইপিদের দ্বারা শিবালিক রেঞ্জের বিপুল পরিমাণ জমি দখলের অভিযোগ করেন। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এই দখলদারিকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন, যা আইনত অসম্ভব কারণ জমিটি সরকারের।

এছাড়াও, তিনি রাজ্যে আইনশৃঙ্খলা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার অভিযোগ তোলেন এবং নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের নামকরণ গুরু তেগ বাহাদুরজির নামে করার দাবি জানান। এই সমস্ত বিষয় নিয়েই তিনি রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন বলে জানান। সিধুর স্ত্রীর এমন সক্রিয়তা এবং দলের অভ্যন্তরীণ মতপার্থক্য প্রকাশ্যে আনা, সিধুর কংগ্রেস ছাড়ার জল্পনাকে আরও জোরালো করল।