‘বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাম ভোটার তালিকায় না তোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর!’ বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর

রাজ্যে ভোটার তালিকা সংশোধন (SIR) সমীক্ষা ঘিরে যখন মতুয়া সমাজের একাংশ রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করছে, ঠিক তখনই রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হলো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন একটি বিস্ফোরক অভিযোগ তুলেছেন, যা মুহূর্তে রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শুভেন্দুর কী অভিযোগ?
বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী জনসমক্ষে অভিযোগ করেন যে, মুখ্যমন্ত্রী নাকি উত্তর ২৪ পরগনার জেলাশাসককে (DM) নির্দেশ দিয়েছেন—বাংলাদেশ থেকে ধর্ম রক্ষার জন্য আসা হিন্দুদের নাম যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হয়।
এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, “বলেছেন বাংলাদেশ থেকে ধর্মপালনের জন্য যে হিন্দুরা এসেছেন, তাঁদের নাম যেন ভোটার লিস্টে না ওঠে। উত্তর ২৪ পরগনার ডিএমকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। আমার কাছে সেই রেকর্ডিং আছে।”
তিনি আরও অভিযোগ করে মুখ্যমন্ত্রীকে সরাসরি ‘হিন্দু-বিরোধী’ তকমা দেন। শুভেন্দু বলেন, “বাংলাদেশ থেকে যারা ধর্ম বাঁচাতে এসেছেন, তাঁদের নাম যাতে না ওঠে, সবাই শুনেছেন। ইনি কীভাবে মুখ্যমন্ত্রী? উনি হিন্দু-বিরোধী।” শুভেন্দুর এই মন্তব্য সামনে আসার পরই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
শুভেন্দুর অভিযোগের জবাবে তৃণমূল
শুভেন্দুর অধিকারীর এই বিস্ফোরক অভিযোগের জবাবে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “আমাদের দুর্ভাগ্য যে এমন একজন বিরোধী দলনেতা রয়েছেন, যিনি সংবিধান মানেন না। সংবিধানে স্পষ্ট যে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার। সেখানে উনি দাঁড়িয়ে বলছেন হিন্দুদের নাম তুলতে মানা হয়েছে!”
তন্ময় আরও বলেন, “যাঁরা লুকিয়ে প্রবেশ করেন, তাঁরা অনুপ্রবেশকারী, তিনি কোন ধর্মের সেটা বিষয় নয়। নাগরিকত্ব দেবে কি দেবে না, সেটার সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রক।”
উল্লেখ্য, রাজ্যে SIR প্রক্রিয়া নিয়ে মতুয়াদের একাংশ ইতিমধ্যেই ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, সমীক্ষার নামে তাঁদের হয়রানি করা হচ্ছে। এই পরিস্থিতিতে শুভেন্দুর এই নতুন অভিযোগ বিতর্ককে আরও উসকে দিল।